৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ । ৪:১১ অপরাহ্ণ

মাছ ধরা ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে গভীর সমুদ্রে ভাসতে থাকা ‘এমভি মা বাবার দোয়া’র ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র থেকে তাদের জীবিত উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, গত বুধবার (৫ মার্চ) দুপুর ২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে ‘এমভি মা বাবার দোয়া’ নামক একটি ফিশিং বোট ৪ দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসমান থাকার খবর পেয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের দুবলা আউটপোস্টের ৪ সদস্যের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল বোটটির ১৩ জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে উদ্ধারকারী দল বোটসহ জেলেদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসে। জানা যায়, বোটটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন আগে সমুদ্রে যাত্রা করে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত বোটটির মালিকপক্ষ জানায়, তারা নিজস্ব ব্যবস্থাপনায় বোটটি মেরামত করবে এবং পরবর্তীতে সুবিধাজনক সময় বরিশালের নিয়ে যাবে।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন