নির্বাচনের আগ পর্যন্ত বিশেষ অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আগামী ৫ আগস্ট নিয়ে কোনো ধরনের আতঙ্কের কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতেই আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।
আল্লাহ চাইলে এই বাহিনী দিয়েই নির্বাচন হবে। একটি ভালো ও সুষ্ঠু নির্বাচন হবে।
সোমবার (৪ আগস্ট) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
৫ আগস্ট নিয়ে জনমনে যে আতঙ্ক রয়েছে, এ বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শোনেন ৩ আগস্ট নিয়েও মানুষের মনে আতঙ্ক ছিল। কিন্তু বাস্তবে কিছু হয়নি। ৫ আগস্ট নিয়েও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ, সব প্রোগ্রাম ভালোভাবে অনুষ্ঠিত হবে। আপনাদের সহযোগিতা দরকার। আপনারা বিভিন্ন স্থানে কভার করতে গেলে দেখবেন, সবকিছুই ঠিকঠাক চলছে।
সরকারি সতর্কতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকার সবসময় সতর্ক থাকে। এজন্যই নিয়মিত মিটিং হয়। আপনাদেরও বলি—আপনারা আমাদের সহযোগিতা করুন।
মব ভায়োলেন্স বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের তুলনায় মব ভায়োলেন্স কমেছে। ধীরে ধীরে আরও কমে যাবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হচ্ছে না।
নির্বাচন ও পুলিশের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে কে অংশ নেবে বা নেবে না, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। আমাদের কাজ হলো—নির্বাচনের সময় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, সেজন্য সব প্রস্তুতি নেওয়া। আমরা প্রশিক্ষণ দিচ্ছি, বাহিনীর সংখ্যাও বাড়ানোর জন্য সরকারের স্যাংশন দেওয়া হয়েছে।
কোনো দলকে বেশি সুরক্ষা, আরেক দলকে কম সুরক্ষা দেওয়া হচ্ছে—এমন অভিযোগের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সবাইকে সমান সুরক্ষা দিচ্ছি। তবে যারা বেশি ভলনারেবল, তাদের একটু বেশি সুরক্ষা দেওয়া হয়।
ভলনারেবিলিটি নির্ধারণের মানদণ্ড প্রসঙ্গে তিনি বলেন, আমাদের বিভিন্ন সংস্থা রয়েছে, তারা তথ্য দেয়। আপনারাও তথ্য দেন।
সবশেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, এই বাহিনী দিয়েই ইনশাআল্লাহ নির্বাচন হবে। একটি ভালো ও শান্তিপূর্ণ নির্বাচন আমরা করতে পারব।

সুন্দরবন নিউজ ২৪ ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫ । ৬:২৭ অপরাহ্ণ