খুঁজুন
শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সম্মিলিত প্রচেষ্টা ও প্রতিরোধ ছাড়া দুর্নীতি রোধ করা সম্ভব না:ডক্টর শেখ আব্দুর রশিদ( মন্ত্রিপরিষদ সচিব)

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
সম্মিলিত প্রচেষ্টা ও প্রতিরোধ ছাড়া দুর্নীতি রোধ করা সম্ভব না:ডক্টর শেখ আব্দুর রশিদ( মন্ত্রিপরিষদ সচিব)

উন্নয়ন প্রকল্পে দুর্নীতি নির্মূল করে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। দুর্নীতি রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও প্রতিরোধ ছাড়া দুর্নীতি রোধ করা সম্ভব না। দুর্নীতির কারণে দেশের অনেক মেগা প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আমার বাবা আমার কাছে পীরের মতন হলেও আমার সন্তানের কাছে কিছু না। এ কারণে আমার জন্মস্থান এই খড়িতলা গ্রামে নিজস্ব জায়গায় সবার জন্য একটি কবরস্থান এবং যাকাত ফাউন্ডেশন এর অর্থায়নে সুপেয় পানির প্রকল্প ছাড়াও এলাকার সাধারণ মানুষের চিকিৎসা সেবার জন্য একটি কমিউনিটি চিকিৎসা সেবা কেন্দ্র তৈরি করে দিয়েছি। এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চকদড়ি খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যাকাত ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত সুপেয় পানির প্রকল্প উদ্বোধন ও স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিয়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব ড. মোঃ আব্দুর রশিদ এসব কথাগুলো বলেন।

কালিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এই সভায় বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, সাতক্ষীরার ৫টি আসনের পরিবর্তে ৪টি আসনে ভাগ করে কালিগঞ্জ-শ্যামনগরকে দ্বি-খণ্ডিত করায় কালীগঞ্জে কোন উন্নয়ন হয়নি। অচিরেই ৫টি আসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

বক্তারা আরও বলেন, সুন্দরবনভিত্তিক পর্যটন শিল্পের বিকাশে শ্যামনগর-কালিগঞ্জ-সাতক্ষীরা মহাসড়ক দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলতে হবে। মুন্সিগঞ্জ থেকে নাভারন পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে। এলাকার মানুষের কর্মসংস্থানের জন্য বসন্তপুর নৌবন্দর পুনঃস্থাপন করতে হবে। উপজেলার লবণাক্ত ১২টি ইউনিয়নে সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, সাতক্ষীরা তথা প্রতিটি উপজেলায় দুর্নীতি রোধ করার জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র প্রশাসন দিয়ে দুর্নীতি, মাদক, জুয়া, চোরাচালান, ঘুষ বন্ধ করা যাবে না। নিজ নিজ জায়গা থেকে প্রত্যেককেই প্রতিরোধ এবং প্রতিবাদের মাধ্যমে সমাজ থেকে এই ঘৃণিত কাজ দূর করতে হবে। প্রতিটি পাড়া মহল্লায় কোন মাদক ব্যবসায়ী চোরাচালানী থাকলে তাকে ধরে আইনি সোপর্দ করতে হবে। প্রতিটি অফিসে ঘুষ, দুর্নীতি বন্ধ করার জন্য জনগণকে এগিয়ে আসতে হবে। তাহলে আমাদের সব ক্ষেত্র দুর্নীতি মুক্ত হবে। আমাদের দেশে বর্তমান যে অবস্থা তাতে একজন এমপি হলে জনগণ বলে দুর্নীতিবাজ আর একজন চেয়ারম্যান হলে জনগণ বলে চাল, গম চোর।আমাদের এ থেকে বেরিয়ে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তন ডিসি, এসপি, ইউএনও, ওসি, এসিল্যান্ডের পক্ষে একা করা সম্ভব না। সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে।

অনুষ্ঠানে কালিগঞ্জের সহকারী কমিশনের (ভূমি) অমিত কুমার বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি ও কালিগঞ্জ থানা বিএনপি সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, শিক্ষক মিলন হোসেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ছাত্র সমন্বয়ক রাকিবুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি দুস্থদের মাঝে কম্বল এবং পানির ট্যাংক বিতরণ করেন।

ইরানের আবেদনে ফিফার না

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
ইরানের আবেদনে ফিফার না

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে ফিফা বিশ্বকাপ সংক্রান্ত ধূম্রজাল শেষ হচ্ছে না। ইরান তাদের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় সরিয়ে নেওয়ার যে দাবি জানিয়েছিল, তা প্রত্যাখ্যান করেছে বিশ্ব ফুটবল সংস্থা। এ অবস্থায় চির শত্রু যুক্তরাষ্ট্রের মাটিতে ইরান আদৌ খেলতে যাবে তো!

চলমান অনিশ্চয়তার মধ্যে ইরানের ম্যাচ আয়োজনে দুয়ার খুলে দিয়েছে মেক্সিকো। সূচি বদলের সম্ভাবনা ফিফা উড়িয়ে দেওয়ার পর আপাতত সে সম্ভাবনা নেই। কিন্তু এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের টিকিট পাওয়া ইরানের মৃসণভাবে বিশ্বকাপ খেলার আপাতত কোনো পথও দেখা যাচ্ছে না।

এশিয়ার শক্তিশালী দল ইরান গ্রুপ পর্বের ম্যাচগুলো বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ডের বিপক্ষে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে খেলবে। ম্যাচগুলো মেক্সিকো সিটির আজটেকা, গুয়াদালাহারা বা মন্টেরেতে সরিয়ে নেওয়ার চেষ্টার জবাবে ফিফা দ্রুতই তা প্রত্যাখ্যান করে।

এ প্রসঙ্গে ফিফার এক মুখপাত্র বলেন, ‘ফিফা অংশগ্রহণকারী সব সদস্য দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, যার মধ্যে ইরানও রয়েছে। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আলোচনা চলমান। ফিফা ৬ ডিসেম্বর ২০২৫-এ ঘোষিত ম্যাচ সূচি অনুযায়ী সব দলকে প্রতিযোগিতায় অংশ নিতে দেখার অপেক্ষায় আছে।’ মেক্সিকো সিটিতে কথা বলতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানান, ইরানের অনুরোধ মানতে তারা প্রস্তুত থাকতে পারেন।

তিনি বলেন, ‘মেক্সিকোর জন্য এতে কোনো সমস্যা নেই, এটি কেবল ফিফার লজিস্টিকসের বিষয়। এটি সম্ভব, কারণ তাদের যুক্তরাষ্ট্রেই যাওয়ার কথা ছিল। যদি তারা মেক্সিকোয় ম্যাচ আয়োজন করতে চায়। বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং যথাসময়ে আমরা জানাব।’

আসর শুরুর মাত্র ১২ সপ্তাহ আগে ১০৪ ম্যাচের সূচি পরিবর্তন হওয়া খুবই অসম্ভব বলে মনে করা হচ্ছে। এত দেরিতে সূচি পরিবর্তন ফিফার জন্য বড় ধরনের লজিস্টিকস দুর্ভোগ তৈরি করবে।

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন জানালেন মির্জা  ফখরুল ইসলাম আলমগীর

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া চলতি বছরের মধ্যেই বিএনপির সম্মেলনও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমনটি জানান মির্জা ফখরুল। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মতবিনিময় সভা করলেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে। নিঃসন্দেহে এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপির সম্মেলন প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন, ‘বিএনপির সম্মেলন এ বছরের মধ্যেই। এখনো আমরা সময় নির্ধারণ করিনি। কিন্তু আমার মনে হয়, শিগগিরই হবে কাউন্সিল।’ প্রসঙ্গত, বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০১৬ সালে।

বিএনপির মহাসচিবকে উদ্দেশ করে এক সাংবাদিক বলেন, সরকার গঠনের পর সরকার ও দল ‘এক হয়ে গেছে’। দলের কার্যক্রম কবে নাগাদ শুরু হবে? জবাবে তিনি বলেন, দলের কার্যক্রম তো চলছে, ছোট খাটোভাবে তো চলছে। এক মাসে সরকার গঠন করতে তো সময় লেগেছে। দলের লোক বেশিরভাগই সরকারে চলে গেছেন। সেই জায়গাগুলোতে সময় লাগবে; এটা বিচ্ছিন্ন ব্যাপার না। এটা আলাদা করে দেখা যাবে না। সরকার তার কাজ করবে, দল তার কাজ করবে।

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, বিএনপি যখনই সরকারে আসে, তখনই একটা করে বড় রকমের ঝামেলা আসে; এর আগেও এমনটা দেখা গেছে। এবার এসেছে ইরান যুদ্ধ, এই যুদ্ধের ফলে বিশ্বে তেলের দাম বৃদ্ধি পেয়ে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। তবে বিএনপি সরকার এখন পর্যন্ত যোগ্যতা ও দক্ষতার সঙ্গে এই বিষয়গুলো মোকাবিলা করেছে। এর ফলে দেশে তেলের দাম এখনো বাড়েনি। এ ছাড়াও এবার গার্মেন্টস্‌ ফ্যাক্টরিগুলোতে বেতন না দেওয়ার যেসব ঝামেলা হয়, সেগুলো হয়নি। কারণ, এসব বিষয়ে এবার আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদের ব্যাপারে আমরা কিন্তু শতভাগ কমিটেড (প্রতিশ্রুতিবদ্ধ), যেগুলো আমরা সই করেছি। আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা যেগুলোতে একমত হয়েছি, সেই বিষয়গুলোতে আমরা কমিটেড। সেই কমিটমেন্ট থেকে আমরা এক চুলও নড়ব না। আর যেগুলো আমাদের ওপর চাপিয়ে দেওয়া- এগুলো মেনে নেওয়া তো আমাদের জন্য নিশ্চয়ই সবসময় সম্ভব নাও হতে পারে। তবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি।

সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই দেশটিতে পবিত্র ঈদুল ফিতর আগামী শুক্রবার (২০ মার্চ) উদ্‌যাপন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ছিল। কর্তৃপক্ষ চাঁদ দেখার চেষ্টা করে। কিন্তু তা দেখা যায়নি। ফলে সৌদি আরবে পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। এ হিসেবে বৃহস্পতিবার (১৯ মার্চ) হবে রমজানের শেষ দিন। পরদিন শুক্রবার ঈদ পালিত হবে।

ইসলামি বিধান অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ নির্ধারণ করা হয়। চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ করা হয়, এরপর ঈদ উদযাপিত হয়।

বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার তারতম্যের কারণে ঈদের তারিখ ভিন্ন হতে পারে। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার ঈদ উদযাপিত হলেও দক্ষিণ এশিয়ার অনেক দেশে একদিন পর ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্ব স্ব দেশগুলোতে স্থানীয় চাঁদ দেখার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদের তারিখ ঘোষণা করা হবে।