খুঁজুন
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

সুন্দরবন নিউজ ২৪ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বললেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে ত্রয়োদশ সংসদ অধিবেশনে বক্তব্যকালে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক। তিনি বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে তাবেদার ও ফ্যাসিবাদমুক্ত নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, এ আন্দোলনে প্রায় ৩০ হাজার মানুষ আহত ও পঙ্গু হয়েছেন, পাঁচ শতাধিক মানুষ তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। সরকার আহতদের চিকিৎসা নিশ্চিত করতে ১২৪৩টি স্বাস্থ্য কার্ড প্রদান করেছে এবং গুরুতর আহত ১৩৭ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছে।

শহীদদের স্মৃতি রক্ষার্থে ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ এবং ঢাকায় জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর স্থাপনের কাজ চলমান রয়েছে বলে ভাষণে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ এ মহান সংসদের যাত্রা শুরু হয়েছে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুরক্ষায় আপসহীন নেতৃত্ব দিয়েছেন।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি অনেকটা স্থিতিশীল হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কমে ৮.৫৮ শতাংশে দাঁড়িয়েছে, যা সামনের দিনগুলোতে আরও কমবে বলে আশা করা হচ্ছে।

২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ইউএস ডলারে উন্নীত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতি তার ভাষণে ব্যাংক খাতের সুশাসন ফিরিয়ে আনা এবং পুঁজিবাজারের অনিয়ম তদন্তে কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করেন।

মো. সাহাবুদ্দিন বলেন, ব্যাংক খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। পাশাপাশি পুঁজিবাজার সংস্কারে একটি পৃথক কমিশন গঠন করা হবে যারা ফ্যাসিবাদী শাসনামলে হওয়া সব অনিয়ম তদন্ত করবে।

যুদ্ধ বন্ধে যে ৩ শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
যুদ্ধ বন্ধে যে ৩ শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটিতে চলমান যুদ্ধ বন্ধে তিনটি শর্ত ঘোষণা করেছেন। কেবল এসব শর্ত মানলেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করবে ইরান। অন্যথায় অঞ্চলজুড়ে ইসরায়েল এবং মার্কিন স্বার্থ-স্থাপনার ওপর হামলা অব্যাহত থাকবে। তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাকের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট জানান, তেহরানের ‘বৈধ অধিকারের’ স্বীকৃতি দেওয়া, ক্ষতিপূরণ পরিশোধ এবং ভবিষ্যতে আর কোনো আগ্রাসন না চালানোর বিষয়ে আন্তর্জাতিকভাবে বাধ্যতামূলক গ্যারান্টি দেওয়া—এই তিনটি শর্ত পূরণ হলেই কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসান সম্ভব।

রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই বার্তা দিয়েছেন। একই সঙ্গে আঞ্চলিক শান্তির প্রতি ইরানের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন। বুধবারই পেজেশকিয়ান চলমান সংঘাত বন্ধের জন্য তেহরানের শর্তগুলো স্পষ্ট করে দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান বৈরিতা শেষ করতে হলে ইরানের মৌলিক অধিকারকে স্বীকৃতি দিতে হবে এবং ভবিষ্যতে আর কোনো হামলা হবে না—এমন শক্ত, নির্ভরযোগ্য নিশ্চয়তা দিতে হবে।

এক্সে দেওয়া পোস্টে মাসুদ পেজেশকিয়ান লেখেন, এই সংঘাত শুরু হয়েছে ‘জায়নিস্ট শাসনব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের’ উদ্যোগে। তিনি বলেন, ‘জায়নিস্ট শাসনব্যবস্থা ও যুক্তরাষ্ট্র যে যুদ্ধ শুরু করেছে, তা শেষ করার একমাত্র পথ হলো—ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি দেওয়া, ক্ষতিপূরণ প্রদান করা এবং ভবিষ্যতে আর কোনো আগ্রাসন হবে না, এমন দৃঢ় আন্তর্জাতিক গ্যারান্টি নিশ্চিত করা।’

মাসুদ পেজেশকিয়ান আরও জানান, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে টেলিফোন আলাপের সময়ও তিনি একই অবস্থান তুলে ধরেছেন। চলমান সংঘাতের মধ্যে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করার অংশ হিসেবেই এই বার্তা দেওয়া হয়েছে।

রাশিয়া ও পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে যোগাযোগের সময় পেজেশকিয়ান আবারও বলেছেন, আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। তবে তেহরানের ভাষ্য অনুযায়ী যে আগ্রাসনকে তারা ‘উসকানিহীন হামলা’ বলে বর্ণনা করছে, তার জন্য দায়বদ্ধতাও নিশ্চিত করতে হবে।

এই কূটনৈতিক যোগাযোগগুলো ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত যখন দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে এবং পরিস্থিতি প্রশমনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তখন তেহরান আন্তর্জাতিক সমর্থন জোগাড়ের চেষ্টা চালাচ্ছে।

এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করে। ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আহত হয়েছে ১০ হাজারের বেশি মানুষ।

জবাবে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের সেই দেশগুলোর বিরুদ্ধে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং মধ্যপ্রাচ্যজুড়ে আরও বড় সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা এগারোটার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে নির্বাচিত খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

প্রথমেই শুরু হয় স্পিকার নির্বাচনের কার্যক্রম। এ সময় স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি এই দায়িত্বপালনে সম্মত আছেন বলে জানান সভাপতি। তিনি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামের প্রতি আহ্বান জানান। তিনি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম।

প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়। এতে হ্যাঁ জয়যুক্ত হয়।

শুরু হলো তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
শুরু হলো তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান।

রেওয়াজ অনুযায়ী জাতীয় সংগীত ও পবিত্র কোরআন থেকে তিলয়াতের মাধ্যমে মন্ত্রীপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানকে গোপনীয়তার শপথ পাঠ করান রাষ্ট্রপতি। এরপরেই সেখানে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।