খুঁজুন
সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সংবিধান কখনো ‘সংস্কার’ হয় না, বরং এটি রহিত, স্থগিত বা ‘সংশোধন’ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
সংবিধান কখনো ‘সংস্কার’ হয় না, বরং এটি রহিত, স্থগিত বা ‘সংশোধন’ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান কখনো ‘সংস্কার’ হয় না, বরং এটি রহিত, স্থগিত বা ‘সংশোধন’ হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদে জুলাই জাতীয় জুলাই সনদ ও সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এসময় তিনি সংবিধান সংশোধনের জন্য সকল দলের সমন্বয়ে একটি ‘বিশেষ সংসদীয় কমিটি’ গঠনের প্রস্তাব দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের অভিপ্রায়কে আমরা সম্মান জানাতে চাই। ২৪-এর জুলাই জাতীয় সনদ ও জুলাই ঘোষণাপত্রের নির্যাসকে আমরা সংবিধানে ধারণ করার অঙ্গীকার করেছি। এটি চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। তবে মনে রাখতে হবে, ৭১-এর স্বাধীনতার সাথে অন্য কিছুর তুলনা চলে না।

সালাউদ্দিন আহমদ বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অনেক ‘লেজিসলেটিভ ফ্রড’ বা আইনি প্রতারণা করা হয়েছে। হাইকোর্ট ইতিমধ্যে এর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করেছে। বাকি অংশগুলো এই সার্বভৌম সংসদই সিদ্ধান্ত নিয়ে বাতিল বা সংশোধন করবে। বিশেষ করে ৫, ৬ ও ৭ নম্বর তফসিলে যে ভুল ইতিহাস ও তথাকথিত স্বাধীনতার ঘোষণা চাপিয়ে দেওয়া হয়েছিল, তা বিলুপ্ত করা প্রয়োজন।

এসময় তিনি আরও যোগ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ২৭শে মার্চ কালুরঘাট থেকে প্রোভিশনাল হেড অফ স্টেট হিসেবে ঘোষণা দেন। এটিই প্রকৃত ইতিহাস যা আমরা সংবিধানে ফিরিয়ে আনতে চাই।

আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস সংবিধানের মূলনীতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ নীতিটি পুনর্বহাল করতে চাই। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অন্তর্ভুক্ত করেছিলেন, যা পরবর্তী সময়ে ফ্যাসিস্ট সরকার নির্মূল করেছে। জুলাই সনদে এটি থাকার কথা থাকলেও কোনো কোনো দলের আপত্তির কারণে রাখা হয়নি। তবে আমরা এটি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

সালাউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সেই ক্ষমতা প্রয়োগ হয় এই সংসদের মাধ্যমে। আমরা ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ প্রবর্তনের ম্যান্ডেট পেয়েছি, যেখানে রাজনৈতিক দলগুলো আনুপাতিক হারে প্রতিনিধিত্ব করবে।

বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র সদস্যরা মিলে বিশেষ সংসদীয় কমিটিতে বসে আলোচনা করি। সংবিধান কীভাবে সংশোধিত হবে, তা এই সংসদেই নির্ধারিত হবে। বাইরে থেকে আমদানি করা কোনো প্রেসক্রিপশনে নয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

যেভাবে বন্ধ হতে পারে যুদ্ধ, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
যেভাবে বন্ধ হতে পারে যুদ্ধ, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যেভাবে বন্ধ হতে পারে যুদ্ধ, জানালেন ইরানের
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে তাদের ওপর চাপিয়ে দেওয়া ‘অবৈধ যুদ্ধ’ বন্ধের জন্য তেহরান একটি চূড়ান্ত এবং দীর্ঘস্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে তিনি স্পষ্ট করেন, ইরান এমন কোনো শর্ত বা প্রক্রিয়ার পক্ষে নয় যা কেবল সাময়িক স্বস্তি দেয়, বরং তারা এই যুদ্ধের একটি চূড়ান্ত সমাপ্তি চায়।

আরাগচি তার বক্তব্যে মার্কিন সংবাদমাধ্যমগুলোর কঠোর সমালোচনা করে বলেন, ইরানের অবস্থান নিয়ে পশ্চিমা মিডিয়া ভুল তথ্য প্রচার করছে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করে তিনি জানান, ইরান সরকার পাকিস্তানের প্রতি সর্বদা কৃতজ্ঞ এবং ইসলামাবাদ সফরের প্রস্তাব প্রত্যাখ্যান করার যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

পররাষ্ট্রমন্ত্রীর এই বার্তা থেকে এটি স্পষ্ট যে ইরান বর্তমানে কৌশলগতভাবে কেবল যুদ্ধবিরতি নয়, বরং দীর্ঘমেয়াদী নিরাপত্তার শর্তাবলি নিশ্চিত করতে আগ্রহী। তিনি জোর দিয়ে বলেন, ইরানের প্রধান লক্ষ্য হচ্ছে তাদের ওপর চাপিয়ে দেওয়া এই অবৈধ সংঘাতের অবসান ঘটানো এবং এর জন্য প্রয়োজনীয় ও স্থায়ী শর্তগুলো কার্যকর করা।

মূলত আন্তর্জাতিক মহলে ইরানের প্রকৃত অবস্থান তুলে ধরতেই আরাগচি এই বিষয়গুলো পুনরায় স্পষ্ট করেছেন।

সূত্র: আলজাজিরা।

শুক্রবার কেনো সপ্তাহের শ্রেষ্ঠ দিন!

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ
শুক্রবার কেনো সপ্তাহের শ্রেষ্ঠ দিন!

জুমার দিন বা জুমাবার বা শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির মর্যাদা ও তাৎপর্য অনেক।
উল্লেখ্য, বিশেষ ফজিলতের কারণে জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন এবং সপ্তাহের শ্রেষ্ঠ দিন বলা হয়ে থাকে।

জুমার দিনের ফজিলত সম্পর্কে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থগুলোতে একাধিক হাদিস বর্ণিত হয়েছে।
যেমন-

বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে জুমার দিন সেরা দিন ও আল্লাহর কাছে সর্বোত্তম দিন। আল্লাহর কাছে তা ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনের চেয়েও উত্তম। (ইবনে মাজাহ)

অন্য হাদিসে আছে, যেসব দিনে সূর্য উদিত হয়েছে এরমধ্যে সর্বোত্তম হলো জুমার দিন। জুমার দিনকে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

জুমার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, এক জুমা থেকে অপর জুমা উভয়ের মাঝে (গুনাহের জন্য) কাফফারা হয়ে যায়, যদি কবিরা গুনাহের সঙ্গে সম্পৃক্ত না হয়ে থাকে। (মুসলিম)

জুমার দিন সম্পর্কে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মনে রাখবে সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমাবার। জুমার নামাজ আদায়ে রয়েছে অশেষ কল্যাণ।

জুমার নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ (সা.) আরো বলেছেন, যে ব্যক্তি বিনা কারণে ৩ জুমার নামাজে যাওয়ায় অবহেলা করে সে যেন ইসলামকে অবজ্ঞা করল এবং তার হৃদয়ে মরিচা পড়ে যায়।

জুমার দিনে মুসলমান ধনী-দরিদ্র, উচু-নীচু, ছোট-বড় সবাই একই কাতারে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করে। কেন না মহান আল্লাহ তাআলা জুমার নামাজ আমাদের ওপর অপরিহার্য করেছেন।

সুতরাং জুমার নামাজ মুসলিম উম্মাহর জন্য অনেক গুরুত্বপূর্ণ ফরজ ইবাদাত। আর জুমার দিনের মর্যাদা ও বৈশিষ্ট্য অন্যান্য দিনের চেয়ে অনেকগুণ বেশি।

লিটানি নদী পর্যন্ত লেবাননের ১০ শতাংশ ভূখণ্ড দখলের হুমকি ইসরায়েলের

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
লিটানি নদী পর্যন্ত লেবাননের ১০ শতাংশ ভূখণ্ড দখলের হুমকি ইসরায়েলের

মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে লেবাননের সার্বভৌমত্বের ওপর এক বড় ধরনের আগ্রাসনের হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েল সীমান্ত থেকে শুরু করে লেবাননের অভ্যন্তরে অবস্থিত লিটানি নদী পর্যন্ত পুরো অঞ্চলটি সামরিকভাবে দখল করার পরিকল্পনা করছে তারা। এই বিশাল ভূখণ্ডটি আয়তনে সমগ্র লেবাননের প্রায় ১০ শতাংশের সমান। ইসরায়েলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হিজবুল্লাহর তৎপরতা বন্ধ করতে সীমান্তের কাছাকাছি অবস্থিত সব ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও হুঁশিয়ারি দিয়েছেন যে, তাদের চলমান সামরিক অভিযানের কারণে সীমান্ত অঞ্চল থেকে বাস্তুচ্যুত হওয়া অন্তত ৬ লাখ লেবানিজ নাগরিক নিকট ভবিষ্যতে তাঁদের নিজ ঘরবাড়িতে ফিরতে পারবেন না। তিনি স্পষ্ট করে বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হচ্ছে এবং সীমান্তবর্তী এলাকায় হিজবুল্লাহর উপস্থিতির অবসান না ঘটছে, ততক্ষণ এই পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। ইসরায়েলের এই কঠোর অবস্থান মূলত লেবাননের দক্ষিণ সীমান্তে একটি বিশাল ‘বাফার জোন’ তৈরির দীর্ঘমেয়াদী পরিকল্পনাকেই ইঙ্গিত করছে।

বর্তমান এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়েছিল গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে এক ভয়াবহ বিমান হামলা চালায়। সেই ঘটনার প্রায় এক সপ্তাহ পর থেকে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে নিয়মিত মিসাইল ও রকেট হামলা চালিয়ে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। হিজবুল্লাহর এই পাল্টা আক্রমণের মুখে ইসরায়েল তাদের সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে।

এদিকে, মাঠ পর্যায়ের লড়াইয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গত সোমবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে ইসরায়েলের চারজন সেনা নিহত হয়েছেন এবং অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহত চার সেনার মধ্যে তিনজনের পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। তাঁরা হলেন— ক্যাপ্টেন নোম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট ম্যাস্কিম এনটিস (২১)। নিহত অপর সেনার পরিচয় ও পদবি পরবর্তীতে জানানো হবে বলে সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের এই প্রাণহানি এবং লিটানি নদী পর্যন্ত ভূখণ্ড দখলের হুমকি পরিস্থিতিকে আরও জটিল ও ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েল যদি সত্যিই লিটানি নদী পর্যন্ত অঞ্চলটি দখল করে নেয় এবং জনবসতি ধ্বংস করে দেয়, তবে তা এই অঞ্চলে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্ম দিতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যেই সাধারণ মানুষের বাস্তুচ্যুতি এবং ঘরবাড়ি ধ্বংসের এই হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক নজিরবিহীন মানবিক ও ভূ-রাজনৈতিক সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।