খুঁজুন
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের সঙ্গে বিরোধ, নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপি

সুন্দরবন নিউজ২৪ /ন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ
জামায়াতের সঙ্গে বিরোধ, নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকারের সঙ্গে রাজনীতির ময়দান থেকে বিদায় নিতে হয়েছে আওয়ামী লীগকে। বিদ্যমান এমন রাজনৈতিক পরিস্থিতিতে দীর্ঘদিনের মিত্র থেকে বিপরীত দুই মেরুতে পৌঁছেছে বিএনপি ও জামায়াত।

নির্বাচন ও সংস্কার ইস্যুতে দুটি দলের মধ্যে বিরোধ ক্রমেই বাড়ছে।

এই মুহূর্তে অন্যতম দুই প্রধান রাজনৈতিক দলের বিপরীতমুখী অবস্থানের কারণে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বাড়তে পারে জটিলতা। আবার বিএনপি নেতাদের শঙ্কা— দেশে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ও সংস্কার বাস্তবায়ন নির্ভর করবে সরকারের আন্তরিকতা ও দৃঢ়তার ওপর।

বিএনপি জাতীয় নির্বাচনের আগে সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন চায় না। অন্যদিকে জামায়াতের অবস্থান সম্পূর্ণ বিপরীত। দলটি সংস্কার ছাড়া নির্বাচন চায় না। আবার জাতীয় নির্বাচনের আগে চায় স্থানীয় সরকার নির্বাচন। জামায়াতের সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিরও পুরোপুরি বিপরীত অবস্থানে বিএনপি।

অতীতে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করা দুই রাজনৈতিক মিত্র নির্বাচনের দিনক্ষণ নিয়েও বিরোধে নেমেছে। বিএনপি দ্রুত জাতীয় নির্বাচন চায়। দলটি বলছে, নির্বাচিত সরকার এসে সংস্কার করবে। অন্যদিকে জামায়াত নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সংস্কার চায় এবং সংস্কার বাস্তবায়নে নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায়।

এদিকে বিএনপি নেতারা আশঙ্কা প্রকাশ করে বলছেন, দেশে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন নিয়ে ‘টালবাহানা’ শুরু হয়েছে— এমন অভিযোগ এনে নেতারা দ্রুত নির্বাচন চাচ্ছেন। হুঁশিয়ারিও উচ্চারণ করছেন বিএনপির অনেক নেতা।
নির্বাচন ও সংস্কার নিয়ে বিএনপি-জামায়াতের বিরোধ যেখানে গত ১৩ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নির্বাচন কমিশনারদের সঙ্গে মতবিনিময় শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, আমরা (নির্বাচন কমিশনকে) পরিষ্কার বলেছি ‘নো ইলেকশন উইদাউট রিফর্মস (সংস্কার ছাড়া নির্বাচন নয়)। ’

সংস্কারের জন্য জামায়াতে ইসলামী নির্বাচনের আগে সময় দিতে প্রস্তুত জানিয়ে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, ‘নির্বাচন নিরপেক্ষ করার জন্য যে সংস্কার ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটা যৌক্তিক সময় প্রয়োজন হবে, জামায়াতে ইসলামী সেই সময়টা দিতে প্রস্তুত। ’

জামায়াতের এ শীর্ষ নেতা বলেন, ‘মাস আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়, সংস্কারটা পূর্ণ করে নির্বাচন ফেয়ার করার জন্য যে কয়েক মাসই লাগুক, আমরা প্রস্তুত রয়েছি। ’

তিনি বলেন, ‘আমরা পুরো রাষ্ট্রের সংস্কারের কথা বলিনি। তা করতে গেলে অনেক সময় লাগবে। অন্তত নির্বাচনের সঙ্গে রাষ্ট্রের যেসব প্রতিষ্ঠান জড়িত, সেগুলোর সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। ’

একইদিন বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যত দ্রুত নির্বাচন হবে ততই রাজনীতি সহজ হবে। বাংলাদেশ স্থিতিশীল হয়ে আসবে। ’

দ্রুত জাতীয় নির্বাচন কেন জরুরি— সেই ব্যাখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনটা হওয়া দরকার, এর প্রধান দুটি কারণ আছে, একটি হলো স্থিতিশীলতা ফিরিয়ে আনা, আরেকটি হলো গভর্ন্যান্স (সুশাসন) চালু করা। এখন তো গভর্ন্যান্সে খুব সমস্যা হচ্ছে, এটি কার্যকর করলেই তখন দেখবেন অর্থনীতি ভালো হয়ে আসছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। নির্বাচিত সরকার না হলে এটি নিয়ন্ত্রণ করা কঠিন। ’

জামায়াত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়— জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেছিলেন, ‘জনগণের আকাঙ্ক্ষাই হলো— স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষাকে সমর্থন এবং সম্মান করি। ’

জাতীয় নির্বাচনের আগে জামায়াতের স্থানীয় সরকার নির্বাচন চাওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটাতেও আমরা একেবারেই একমত নই। এটা দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ারপরিকল্পনা ছাড়া আর কিছু নয়। ’

এ ছাড়া নির্বাচন কমিশনকে জামায়াত সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর প্রস্তাব দিয়েছে জানিয়ে দলটির সেক্রেটারি জেনারেল বলেছিলেন, ‘আধুনিক গণতান্ত্রিক বিশ্বে ৬০টিরও বেশি দেশে এ ব্যবস্থা রয়েছে। ’

জামায়াতের আনুপাতিক প্রতিনিধিত্ব বিষয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির অবস্থান বিষয়ে বলেন, ‘এটাতে আমরা পুরোপুরি বিরোধী। জোরোলোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করব না। কারণ এখানকার মানুষ এতে অভ্যস্ত নয়। এরকম ভোটের প্রশ্নই উঠতে পারে না। ’

বিএনপির সঙ্গে ভিন্ন অবস্থান বিষয়ে জানতে চাইলে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশে নানা ইস্যুতে ভিন্নমত থাকতেই পারে। এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমরা একটা মত দিয়েছি, অন্য দলের ভিন্নমত থাকতেই পারে। এটিই গণতন্ত্রের সৌন্দর্য। ’

সবশেষ ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আশা করি খুব দ্রুততম সময় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা স্পষ্ট করে বলেছি, আগে জাতীয় নির্বাচন, তারপর স্থানীয় সরকার নির্বাচন হবে। ’

একই দিন ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা বলেছি যে সংস্কার প্রয়োজন। সেই সংস্কারে আমরা ঐকমত্য হই, তারপর যথাশিগগির সম্ভব নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন, ডিসেম্বরের মধ্যে ওনারা করবেন। আমরা সেটা দেখছি। ’

বিএনপি নেতাদের বক্তব্যে নির্বাচন নিয়ে ‘আশঙ্কা’

‘যত দ্রুত নির্বাচন হবে, ততই রাজনীতি সহজ হবে, বাংলাদেশ স্থিতিশীল হয়ে আসবে’— মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্য ছাড়াও দ্রুত নির্বাচন নিয়ে নিয়মিত কথা বলছেন দলের অন্য শীর্ষ নেতারা।

কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে টালবাহানা করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত ১৪ ফেব্রুয়ারি নয়াপল্টনে এক অনুষ্ঠানে বলেন, ‘এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন। আমরা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত। ’

কিছু রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে কথা বলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘আরে ভাই, আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে ২০০৮ সালে বিএনপি এবং আমাদের জোট নির্বাচনে গিয়েছিল, ফলে বাংলাদেশের অনেক নামিদামি, অনেক বিখ্যাত-প্রখ্যাত মানুষকে প্রাণ দিতে হয়েছে ফাঁসির কাষ্ঠে। ওই রকম ভুল আর করবেন না দয়া করে। একটি ভুল লাখ লাখ মানুষের জীবন কেড়ে নিতে পারে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করবেন না। ’

সবশেষ ১৫ ফেব্রুয়ারি সকালে রাজধানীর আগারগাঁওয়ে ‘রোড টু ইলেকশন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘প্রথম হলো জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটা সরকারের পরিবর্তন হয়। সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডিয়ারি কাজ শুরু করে দিই, তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না। এটা হতে পারে না। ’

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ১৬ বছর হাসিনার কাছে মাথানত করেনি। জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলেও আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথানত করব না। ’

বিএনপির এই নেতা বলেন, ‘এখন নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে। কেউ মনে হয় একটু যেন গোলমাল করে ফেলছে। কোথায় যেন একটা কীসের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। ’

বিএনপি-জামায়াতের বিরোধ ইস্যুতে কী বলছেন বিশ্লেষকরা
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কোন দল কতটা চাপ দিচ্ছে, এ বিবেচনায় যদি অন্তর্বর্তী সরকার কোনো নির্দিষ্ট দলকে প্রাধান্য না দেয়, তাহলে নির্বাচন ও সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। আর রাজনৈতিক মাঠে যেহেতু বিএনপি ও জামায়াত ছাড়া তৃতীয় আর কোনো বড় শক্তি নেই, সেহেতু তাদের মধ্যে বিরোধ হবে, এটাই রাজনীতির ধর্ম। এক্ষেত্রে দল দুটি যদি গঠনমূলক রাজনৈতিক চর্চা করে, তবেই তা দেশ ও জনগণের জন্য কল্যাণকর হবে।

দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতের মধ্যকার বিরোধ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ বাংলানিউজকে বলেন, দুই রাজনৈতিক দলের মধ্যে সবসময় মিত্রতা থাকে না। তাহলে রাজনীতি হয় না। একটা রাজনৈতিক দলের একটা স্বতস্ত্র রাজনীতি থাকবে, রাজনৈতিক পরিচয় থাকবে। সে তার প্রয়োজন মতো রাজনীতি করবে। প্রয়োজনে অন্য দলের সঙ্গে সে মিত্রতা করবে। সেটা হয়, সারা দুনিয়াতেই হচ্ছে। কোয়ালিশন রাজনীতি হয়, অ্যালায়েন্স পলিটিক্স হয়। আবার সেই অ্যালায়েন্স ভেঙেও যায়।

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে— বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেই দল (বিএনপি) হয়তো কোন হিন্টস (ইঙ্গিত) পেয়েছে (নির্বাচন) পিছিয়ে যাওয়ার।

নির্বাচন পেছানোর ক্ষেত্রে বিএনপি-জামায়াতের বিরোধ কী ধরনের প্রভাব ফেলবে? এমন প্রশ্নের জবাবে সাব্বির আহমেদ বলেন, এটা কোনো প্রভাব ফেলবে না। সিদ্ধান্ত নেবে তো সরকার। কোন তারিখে নির্বাচন হবে, সরকারই সিদ্ধান্ত নেবে। সেখানে আমি কোনো সমস্যা দেখি না। এটি সরকারকে চাপে রাখার কৌশলও হতে পারে।
এখন পর্যন্ত দেশে নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র দেখছেন না বলেও মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।

হারেৎজের প্রতিবেদন ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পে গোপনে অর্থায়ন করেছিল জার্মানি

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
হারেৎজের প্রতিবেদন ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পে গোপনে অর্থায়ন করেছিল জার্মানি

ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণবিক চুল্লির অস্তিত্ব প্রথম প্রকাশ্যে আসে ১৯৬০ সালের ডিসেম্বরে। এরপর থেকে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তর গবেষণা, বই এবং অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, জার্মানি গোপনভাবে এই প্রকল্পে অর্থায়ন করেছিল।

ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, অ্যাভনার কোহেনের ‘ইসরায়েল অ্যান্ড দ্য বোম্ব’সহ অন্যান্য গুরুত্বপূর্ণ গ্রন্থের পাশাপাশি সিমুর হার্শ, জাকি শালোম এবং আদম রাজের গবেষণায় এই কর্মসূচির উৎস, বিকাশ এবং গোপনীয়তা বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। ২০২৪ সালে সাংবাদিক শ্যানি হাজিজারের প্রামাণ্যচিত্র সিরিজ ‘দ্য অ্যাটম অ্যান্ড মি’ এই ইতিহাসে ব্যক্তিগত ও সামাজিক মাত্রা যোগ করেছে।

তবে দশকের পর দশক গবেষণার পরও দুটি বড় প্রশ্নের উত্তর অমীমাংসিত রয়ে গেছে—প্রকল্পের মোট খরচ কত হয়েছিল এবং সেই অর্থ কে জুগিয়েছিল।

প্রতিবেদনে দাবি করা হয়, ১৯৬১ থেকে ১৯৭৩ সালের মধ্যে বন সরকার (তৎকালীন পশ্চিম জার্মানির সরকার) গোপন ঋণ ব্যবস্থার মাধ্যমে প্রতিবছর ১৪০ থেকে ১৬০ মিলিয়ন জার্মান মার্ক ইসরায়েলে পাঠিয়েছে। মোট অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ২ বিলিয়ন মার্ক, যা বর্তমান মূল্যে প্রায় ৫ বিলিয়ন ইউরো বা ৫.৭ বিলিয়ন ডলারের বেশি।

১৯৮৯ সালে স্বাক্ষরিত পরবর্তী এক পরিশোধ চুক্তির মাধ্যমে এই ঋণ কার্যত অনুদানে পরিণত হয়।

এই দাবি সত্য হলে, ইসরায়েলের পারমাণবিক প্রকল্পের বড় অংশ ইসরায়েলি করদাতা বা ব্যক্তিগত দাতাদের অর্থে নয়, বরং জার্মান সরকারের অর্থে নির্মিত হয়েছিল।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে জানা গেল

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে জানা গেল

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায় প্রকাশ করা হয়েছে। রায়ে সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন বলে উল্লেখ করা হয়।

রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। গত ২০ নভেম্বর ওই রায় দিয়েছিলেন সর্বোচ্চ আদালত।

এই রায়ের ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধান আবার ফিরল। এ–সংক্রান্ত বিধান পুনরুজ্জীবিত হলেও এখনই তা কার্যকর হচ্ছে না। জাতীয় সংসদের চতুর্দশ নির্বাচন থেকে তা প্রয়োগ হতে পারে।

পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেন, চতুর্দশ নির্বাচন থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে। তবে বর্তমান সংসদ চাইলে এ ব্যবস্থার সংযোজন কিংবা বিয়োজন করতে পারবে বলে জানায় আইনজীবীরা।

১৯৯৬ সালে বিএনপি সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হয়েছিল। আওয়ামী লীগ সরকারের সময় ২০১১ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ ঘটে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ২০১১ সালের সেই রায় পুনর্বিবেচনার আবেদন হলে নতুন করে আপিল শুনানির সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ আদালত। পরে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দেন সর্বোচ্চ আদালত।

সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারকের পূর্ণাঙ্গ আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর ৬ বিচারক হলেন– বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

ইরানে স্থল অভিযান মানে তৃতীয় বিশ্বযুদ্ধ!

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
ইরানে স্থল অভিযান মানে তৃতীয় বিশ্বযুদ্ধ!

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে সংঘাত ক্রমেই বাড়ছে। পাল্টাপাল্টি আক্রমণের তীব্রতা যেমন বাড়ছে, তেমনি বিস্তৃত হচ্ছে যুদ্ধক্ষেত্রের পরিধিও। একের পর এক গোষ্ঠী, দেশ আক্রান্ত হচ্ছে, জড়াচ্ছে যুদ্ধে। প্রথমদিকে কেবল ইরানের সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হলেও পরে কৌশলগত অবস্থান, জ্বালানি, পানি স্থাপনা, হাসপাতাল, স্কুলে হামলা হয়। তেহরানও ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটির সঙ্গে পানি শোধণাগার, জ্বালানি ডিপোকে ড্রোন হামলা চালায়। এর মধ্যে ইরানের সবচেয়ে বড় চারটি তেল ডিপোতে ইসরায়েলি-মার্কিন হামলার পর জ্বালানির অন্যতম নৌরুট হরমুজ প্রণালি বন্ধ করে তেহরান। তেল আবিবে হিজবুল্লাহ ও ইরান প্রথমবারের মতো যৌথভাবে আক্রমণ করে। তেহরানের ‘অলআউট’ আক্রমণে সাগরে থাকা মার্কিন রণতরি, আকাশে সামরিক বিমান বিধ্বস্ত, ঘাঁটির পাঁচটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলজুড়ে ঝোড়ো আক্রমণ চালাচ্ছে ইসলামি প্রজাতন্ত্রের সেনারা। যুদ্ধে সরাসরি জড়িয়েছে ইরানপন্থি লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া গোষ্ঠীগুলো। রাজধানী তেহরানসহ সব প্রদেশে তাণ্ডব চালাচ্ছে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ জোট। এর মধ্যে খবর বেরিয়েছে—রাশিয়া মার্কিন সামরিক বাহিনী ও যানের অবস্থানগত গোয়েন্দা তথ্য এবং স্যাটেলাইটের জিপিএস আর প্রযুক্তিগত সুবিধা দিচ্ছে চীন। জাতিসংঘেও তারা ইরানে হামলার বিরুদ্ধে তোপ দেগেছে। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আড়াই হাজার স্থল সেনা পাঠাচ্ছেন। বিশ্লেষকরা সতর্ক করছেন, এখন ইরানে স্থল অভিযান শুরু হলে সেটি শুধু আর আঞ্চলিক যুদ্ধে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিশ্বকে ঠেলে দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। ইরান যুদ্ধ ঘিরে বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ূন কবির

ইরানের সামরিক শক্তি, ভৌগোলিক অবস্থান এবং রাশিয়া ও চীনের সঙ্গে কৌশলগত সম্পর্কসহ বিস্তৃত আঞ্চলিক প্রভাব—এই তিনের সমন্বয়ে ইরানকে অনেক বিশেষজ্ঞই মধ্যপ্রাচ্যে ‘কৌশলগত কেন্দ্রবিন্দু’ হিসেবে দেখেন। ফলে দেশটিতে সরাসরি সেনা অভিযান মানে শুধু ইরানের সঙ্গে সংঘাত নয়, বরং পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য ভেঙে পড়ার ঝুঁকি।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জন জে মিয়ারশেইমার মনে করেন, ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ দ্রুতই বহু দেশের সম্পৃক্ততায় বড় আকার নিতে পারে। একই ধরনের সতর্কতা দিয়েছেন বৈশ্বিক ঝুঁকি বিশ্লেষক ইয়ান ব্রিমারও। তাদের মতে, ইরানের বৈশ্বিক মিত্র ও প্রক্সি শক্তিগুলো সক্রিয় হলে সংঘাত ছড়িয়ে পড়তে পারে লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেন পর্যন্ত। এর সঙ্গে যুক্ত হতে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথগুলোর একটি হরমুজ প্রণালি, যা পুরোপুরি বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতেও দেখা দিতে পারে বড় ধরনের ধাক্কা।

আঞ্চলিক যুদ্ধ, সীমিত যুদ্ধ বা নানা ধরনের হাইব্রিড ও অসম যুদ্ধের তুলনায় একটি বিশ্বযুদ্ধ মহাশক্তির রাজনীতি, স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক ব্যবস্থার ওপর অনেক বেশি প্রভাব ফেলে। হ্যাঁ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে তা অঞ্চল ছাড়িয়ে ব্যাপক প্রভাব ফেলতে পারে। কিন্তু এই বা অন্য কোনো সংঘাতকে বিশ্বযুদ্ধ বলতে হলে চারটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, একটি বিশ্বযুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থার সব বা অধিকাংশ মহাশক্তি সরাসরি পরস্পরের মুখোমুখি হয়। দ্বিতীয়ত, যুদ্ধ-সংক্রান্ত সামরিক অভিযান বৈশ্বিক পরিসরে বিস্তৃত হয় বা অন্তত দুই বা ততোধিক মহাদেশে সংঘটিত হয়। তৃতীয়ত, বিশ্বযুদ্ধ হলো সর্বাত্মক যুদ্ধ, সীমিত যুদ্ধ নয়। অর্থাৎ মহাশক্তিগুলো তাদের সামরিক শক্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদের বিপুল অংশ যুদ্ধে নিয়োজিত করে। চতুর্থত, যুদ্ধের ফলাফল হতে হবে পদ্ধতিগত বা কাঠামোগত প্রভাববাহী, অর্থাৎ মহাশক্তিগুলোর শক্তির ভারসাম্যে স্পষ্ট পরিবর্তন ঘটতে হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্পষ্টতই এই চারটি মানদণ্ড পূরণ করেছিল। এতে তৎকালীন সব মহাশক্তি জড়িত ছিল, যুদ্ধ ছড়িয়ে পড়েছিল সব বসবাসযোগ্য মহাদেশে, এটি ছিল সর্বাত্মক যুদ্ধ এবং এর ফলাফল ছিল গভীর পদ্ধতিগত পরিবর্তন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন সুপারপাওয়ার হিসেবে উঠে আসে, আর ইউরোপের পূর্বতন মহাশক্তিগুলো ধীরে ধীরে তাদের মর্যাদা ও উপনিবেশ হারায়। এ যুদ্ধের ফলেই জাতিসংঘ এবং ব্রেটন উডস প্রতিষ্ঠানগুলোর সৃষ্টি হয়, যা বৈশ্বিক ব্যবস্থাকে সংগঠিত করার এক সম্পূর্ণ নতুন পদ্ধতি।

প্রথম বিশ্বযুদ্ধ মূলত ইউরোপকেন্দ্রিক হলেও শেষ পর্যন্ত তৎকালীন সব মহাশক্তিকে এতে জড়িয়ে ফেলে, যার মধ্যে ক্ষয়িষ্ণু ওসমানী সাম্রাজ্য এবং যুক্তরাষ্ট্রও ছিল। যুদ্ধটি বৈশ্বিক রূপ নেয়, আফ্রিকা ও এশিয়া-প্রশান্ত অঞ্চলে ইউরোপীয় উপনিবেশগুলোর কারণে একাধিক ফ্রন্ট তৈরি হয়।

ইরান-যুক্তরাষ্ট্রের লড়াই: আঞ্চলিক যুদ্ধ

ইরান ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এখন পর্যন্ত আঞ্চলিক যুদ্ধ। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা, জ্বালানির দামে নাটকীয় প্রভাব, আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন এবং ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনে বহু দেশের ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও এটি আঞ্চলিকই রয়ে গেছে। এখন পর্যন্ত রাশিয়া ও চীনের মতো সুপারপাওয়ার দেশগুলো সরাসরি যুদ্ধে জড়ায়নি। তবে খবর বেরিয়েছে যে রাশিয়া যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তু সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে এবং চীন জিপিএসসহ প্রযুক্তিগত সুবিধা দিচ্ছে।

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বিশ্লেষকদের সতর্কতা

ইরানে স্থল অভিযান পরিচালনা করা আফগানিস্তান বা ইরাকের মতো সহজ হবে না। কারণ দেশটির প্রাকৃতিক অবস্থান বিপৎসংকুল। যার চারপাশে পাহাড়, মরুভূমি ও সাগর দিয়ে পরিবেষ্টিত। এর মধ্যে দেশটিতে স্থল অভিযানে পারমাণবিক স্থাপনায় হামলা হলে ইরানও দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির পথে যেতে পারে।

ইউরোশিয়ার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইয়ান ব্রিমার বলেন, যুক্তরাষ্ট্র সামরিকভাবে সফল হলেও ইরান যুদ্ধের রাজনৈতিক ও কৌশলগত পরিণতি ভয়াবহ হতে পারে। যুদ্ধ দীর্ঘ হলে তা আঞ্চলিক সংঘর্ষকে বড় আকারে ছড়িয়ে দিতে পারে।

যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ ও কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক জেফ্রি স্যাকস সতর্ক করে বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালালে খুব সহজেই তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে, কারণ ইরানের পেছনে রাশিয়া বা অন্য শক্তির সমর্থন থাকতে পারে।

বাকিংহাম ইউনিভার্সিটির অধ্যাপক ও ব্রিটিশ নিরাপত্তা বিশ্লেষক অ্যান্থনি গ্লিস বলেন, ইরানকে কেন্দ্র করে বড় যুদ্ধ শুরু হলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য ‘ব্লুপ্রিন্ট’ হয়ে উঠতে পারে—বিশেষ করে যদি আঞ্চলিক মিত্র ও আন্তর্জাতিক শক্তিগুলো এতে জড়িয়ে পড়ে।