খুঁজুন
শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরা-৪ আসনে বিএনপিতে একাধিক প্রার্থী , আসন পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ জামায়াত

সুন্দরবন নিউজ ২৪ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ
সাতক্ষীরা-৪ আসনে  বিএনপিতে একাধিক প্রার্থী , আসন পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ  জামায়াত

নির্বাচন কমিশন ঘোষিত সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা অনুযায়ী শ্যামনগর আসনটি পূর্বের রূপে ফিরেছে সাতক্ষীরা-৪ আসন (শ্যামনগর, তৎকালীন সাতক্ষীরা-৫)। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যেমন উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে তেমনি কালিগঞ্জ (আংশিক) ৮ ইউনিয়ন কেটে যাওয়ার অনেকের জন্য হতাশার সৃষ্টি হয়েছে।
ইতিমধ্যেই বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা মাঠে নেমে প্রচার-প্রচারণার পাশাপাশি নিজেদের দলীয় শক্তি বৃদ্ধির কাজে লেগে পড়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য মতে, ১৯৮৪ সালে সাতক্ষীরা জেলা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ২০০৬ সাল পর্যন্ত সাতক্ষীরা জেলায় পাঁচটি সংসদীয় আসন ছিল। এক্ষেত্রে জেলার শ্যামনগর উপজেলা নিয়ে ছিল সাতক্ষীরা-৫ আসন। ২০০৮ সালে সাতক্ষীরা জেলা থেকে একটি আসন কমিয়ে চারটি আসন করা হয়। যেখানে শ্যামনগরের সাথে কালিগঞ্জের আটটি ইউনিয়ন নিয়ে গঠন করা হয় সাতক্ষীরা-৪ আসন। এভাবেই চলেছে ২০২৪ সালের সংসদ নির্বাচন পর্যন্ত। সম্প্রতি আবার সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করা হয়েছে। যেখানে শুধুমাত্র শ্যামনগর উপজেলা নিয়ে গঠন করা হয়েছে সাতক্ষীরা-৪ আসন।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, শ্যামনগর উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা-৪ আসনের ভোটার সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৫৩৬। এ আসনে বিএনপি’র ৬ জন হেভিওয়েট প্রার্থী মাঠে রয়েছেন। মনোনয়ন দৌড়ে আছেন কয়েকজন তরুণ নেতাও। বিপরীতে একক প্রার্থী নিয়ে খোঁশমেজাজে রয়েছে জামায়াত। মাঠে রয়েছে ইসলামী আন্দোলনের একজন সম্ভাব্য প্রার্থী। তবে, মাঠে দেখা যাচ্ছে না সদ্যগঠিত দল এনসিপির কোনো নেতাকর্মীকে।

তথ্য বিশ্লেষণে জানা গেছে, ১৯৮৪ সালে জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় সাতক্ষীরা। এরপর ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন (শ্যামনগর, তৎকালীন সাতক্ষীরা-৫) থেকে জাতীয় পার্টির শেখ আবুল হোসেন, ১৯৮৮ সালে জাতীয় পার্টির শেখ আবুল হোসেন, ১৯৯১ সালে জামায়াতের গাজী নজরুল ইসলাম, ১৯৯৬ সালে আওয়ামী লীগের একে ফজলুল হক, ২০০১ সালে জামায়াতের গাজী নজরুল ইসলাম এবং ২০০৮ সালে তৎকালীন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জের একাংশ) আসন থেকে জাতীয় পার্টির এইচএম গোলাম রেজা, ২০১৪ সালে আওয়ামী লীগের জগলুল হায়দার, ২০১৮ সালে আওয়ামী লীগের জগলুল হায়দার ও ২০২৪ সালে আওয়ামী লীগের আতাউল হক দোলন সংসদ সদস্য নির্বাচিত হন।

বর্তমানে মাঠে নেই কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ। চোখে পড়ছে না জাতীয় পার্টির কোনো কার্যক্রমও। এই সুযোগে আসনটি পুনরুদ্ধার করতে চায় জামায়াত। অপরদিকে, সাতক্ষীরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর আসনটিতে একবারও জিততে না পারা বিএনপিও চায় প্রথমবারের মতো জিতে আসনটি তারেক রহমানকে উপহার দিতে।

শ্যামনগরের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, কেন্দ্রওয়ারী কমিটি গঠন, পোলিং এজেন্টদের প্রশিক্ষণ, প্রচারণা ও গণসংযোগের মধ্যদিয়ে সাতক্ষীরা-৪ আসনে জামায়াত মনোনীত একক প্রার্থী ও সাবেক এমপি গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে দলটি।

একইভাবে বিএনপির মনোনয়ন প্রত্যাশায় তৃণমূলে গণসংযোগের পাশাপাশি দলকে সুসংগঠিত করতে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মনিরুজ্জামান মনির, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ এবং শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্না। এ তালিকায় আরও রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও তৎকালীন সাতক্ষীরা-৪ (কালিগঞ্জ-দেবহাটা) আসনের সাবেক এমপি কাজী আলাউদ্দিন ও জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী,কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম খান তবে সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী আলাউদ্দিন ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী পড়েছেন আসনের সীমানা পুনর্বিন্যাসজনিত জটিলতায়। আর বাকী প্রার্থীরা শ্যামনগরে অবস্থানগত কারণে সুবিধাজনক স্থানে থাকলেও দলের আভ্যন্তরীণ কোন্দল নিরসন করতে না পারলে সাতক্ষীরা-৪ আসনে জয় অর্জন করা অসাধ্য হয়ে পড়বে বিএনপির জন্য।

যদিও দলটির নেতাকর্মীরা বলছেন, উপজেলা বিএনপির কমিটি গঠনের প্রক্রিয়া চলমান। কমিটি গঠনের কার্যক্রম শেষ হলে নেতা-কর্মীদের মধ্যে কোনো কোন্দল থাকবে না।

এ আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জের একাংশ) আসনের সাবেক এমপি এইচএম গোলাম রেজাও।

জামায়াত-বিএনপির বাইরে নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে দেখা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোস্তফা আল মামুন (হাজী মনির) কে।

সবমিলিয়ে এ আসনে মূল লড়াইটা হবে জামায়াত ও বিএনপি’র মধ্যে। তবে জাতীয় পার্টি নির্বাচনে আসলে বদলে যেতে পারে সমীকরণ।

নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান বলেন, সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের প্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। আমরা প্রতিপক্ষকে দুর্বল না ভেবে সংসদীয় আসনের প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তাদেরকে আমাদের প্রতিশ্রুতিগুলো জানাচ্ছি। আমরা আশা করছি আমরা বিপুল ভোটে জয়লাভ করবো।

দলীয় মনোনয়ন ও দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মনিরুজ্জামান মনির বলেন,চলতি বছরের ফেব্রুয়ারীর শেষ সপ্তাহে আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেখা করি। তিনি আমাকে তৃণমূলে গণসংযোগ বৃদ্ধি, দলকে সুসংগঠিত করা, জনসম্পৃক্ততা বৃদ্ধির নির্দেশ দেন এবং প্রস্তুতি নিতে বলেন। আমি সে অনুযায়ী নিরলস কাজ করছি।শ্যামনগরের প্রতিটি এলাকায় ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছি।

দলের অভ্যন্তরীণ কোন্দল প্রসঙ্গে তিনি বলেন, আসলে সম্ভাব্য প্রার্থী যারা থাকে, তাদেরকে কেন্দ্র করে একটি বলয় গড়ে ওঠে। এটা মনোনয়ন কেন্দ্রিক। দল যখন চূড়ান্ত মনোনয়ন দেবে, এই দূরত্ব কমে আসবে। ইতোমধ্যে দূরত্ব কমে আসতে শুরু করেছে। যাকেই মনোনয়ন দিক না কেন আমাদের সবারই লক্ষ্য ধানের শীষকে জয়যুক্ত করা।

শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ বলেন,বিএনপির জন্মলগ্নের পর থেকে আমি দলের সাথে আছি। দীর্ঘদিন শ্যামনগরে নেতৃত্ব দিচ্ছি। উপজেলার তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করেছি। আগে আমাদের শ্যামনগরে বিএনপিতে কোনো গ্রুপিং ছিল না। এই গ্রুপিংটা মূলত সাতক্ষীরা কেন্দ্রিক। তবে, আমি মনোনয়ন পেলে কোনো গ্রুপিং থাকবে না।

তিনি আরও বলেন, আমি নকিপুর হরিচরণ পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলাম,নকিপুর বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করেছি, শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ছিলাম, শ্যামনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠা কালীন সাধারণ সম্পাদক ছিলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলাম। শ্যামনগরের অধিকাংশ পরিবারে আমার হাতে গড়া ছাত্র-ছাত্রী আছে।এই বিশাল পরিবারের মানুষের হৃদয়ে আমি মিশে আছি। তাছাড়া আমার জ্যেষ্ঠ পুত্র এডভোকেট মাসুদুল আলম দোহা সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরাম এর আহবায়ক কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা, সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিএনপি’র চরম দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে তাদেরকে আইনগত সহযোগিতা সহ বিভিন্নভাবে সহযোগিতা করেছে।
এজন্য মনোনয়ন প্রাপ্তির ব্যাপারে আমি যথেষ্ট আশাবাদী।

শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্না বলেন, আমরা সাতক্ষীরা-৪ আসনটি তারেক রহমানকে উপহার দিতে চাই। এজন্য তৃণমূলে দলকে সুসংগঠিত করা হচ্ছে। ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। আগামী নির্বাচনে আমি দলের মনোনয়ন প্রত্যাশী।এলাকার মানুষের কল্যাণে আমি একটি টেকনিক্যাল কলেজ,একটি মাধ্যমিক বিদ্যালয়,প্রাথমিক বিদ্যালয়,মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আনতে সক্ষম হয়েছি।

দলের অভ্যন্তরীণ কোন্দল প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে শ্যামনগরে উপজেলা কমিটি গঠনের কার্যক্রম চলমান। কমিটি হয়ে গেলে এই কোন্দল আর থাকবে না। এছাড়া আমরা বসেও সিদ্ধান্ত নিয়েছি দল যাকে মনোনয়ন দেবে, আমরা তাকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও তৎকালীন সাতক্ষীরা-৪ (কালিগঞ্জ-দেবহাটা) আসনের সাবেক এমপি কাজী আলাউদ্দিন বলেন, আমি এক সময় কালিগঞ্জ-দেবহাটা আসনের এমপি ছিলাম।সে সময় কালীগঞ্জ এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। এখন নির্বাচন কমিশন ঘোষিত সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা অনুযায়ী দেবহাটা পড়েছে সাতক্ষীরা-২ আসনের (সাতক্ষীরা সদর ও দেবহাটা) মধ্যে, আর কালিগঞ্জ পড়েছে সাতক্ষীরা-৩ আসনের (কালিগঞ্জ-আশাশুনি) মধ্যে। আমি বিগত ১৫ বছর কাজ করেছি শ্যামনগর ও কালিগঞ্জে। এখনো শ্যামনগর ও কালিগঞ্জেই কাজ করছি, প্রতিদিন দুই উপজেলাতেই একাধিক প্রোগ্রামে অংশ নিচ্ছি। দুটি আসনের নেতাকর্মীরাই আমাকে চাচ্ছে, তারা বলছে আমাদের ছেড়ে যেয়েন না। এমন পরিস্থিতিতে আমি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য দলীয় হাই কমান্ডের সিগন্যালের অপেক্ষায় আছি।

জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী জানান, তিনি সাতক্ষীরা-২ ও সাতক্ষীরা-৪ আসনকে সামনে রেখে এগুচ্ছেন। কেন্দ্রের সিগন্যাল পেলে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন।তিনি বলেন,শ্যামনগরের হিন্দু এবং মুসলিম উভয়ের সম্প্রদায়ের মধ্যে তার গ্রহণযোগ্যতা আছে।তিনি মনোনয়ন পেলে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ব্যাংকে ভাগ বসাতে পারবেন।

বিএনপি থেকে অপর মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মো: আব্দুস সালাম বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক । সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। সাবেক সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির প্রাথমিক মনোনীত প্রার্থী। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা -৪(শ্যামনগর) আসনে বি এন পির মনোনয়ন প্রত্যাশী।

তিনি আরো বলেন, বিগত হাসিনা সরকারের সময় দীর্ঘদিন কারা নির্যাতন ভোগ। রাজপথে স্বৈরাচার হাসিনা বিরোধী প্রত্যেকটি প্রোগ্রামে নিজের জীবন বাজী রেখে অংশগ্রহন করা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে এবং আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা হিসেবে বহু নির্যাতিত নেতা কর্মীদের জন্য আইনী লড়াই করে তাদের মুক্ত করেছি। রাজপথে এবং সুপ্রিম কোর্টে দলের পক্ষে সকল সময় আন্দোলন ভূমিকা পালন করেছি। সর্বোপরি আওয়ামীলীগের কঠিন সময়ে সকল সময় এলাকায় এসে তৃনমুল নেতাকর্মীদের সংগঠিত করার জন্য কাজ করেছি।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সাবেক এমপি এইচএম গোলাম রেজা বলেন, আগামী নির্বাচনে অংশ নেব। আমি শ্যামনগর কালিগঞ্জের মানুষের সাথে সবসময় ছিলাম, থাকবো।

ইরানের আবেদনে ফিফার না

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
ইরানের আবেদনে ফিফার না

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে ফিফা বিশ্বকাপ সংক্রান্ত ধূম্রজাল শেষ হচ্ছে না। ইরান তাদের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় সরিয়ে নেওয়ার যে দাবি জানিয়েছিল, তা প্রত্যাখ্যান করেছে বিশ্ব ফুটবল সংস্থা। এ অবস্থায় চির শত্রু যুক্তরাষ্ট্রের মাটিতে ইরান আদৌ খেলতে যাবে তো!

চলমান অনিশ্চয়তার মধ্যে ইরানের ম্যাচ আয়োজনে দুয়ার খুলে দিয়েছে মেক্সিকো। সূচি বদলের সম্ভাবনা ফিফা উড়িয়ে দেওয়ার পর আপাতত সে সম্ভাবনা নেই। কিন্তু এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের টিকিট পাওয়া ইরানের মৃসণভাবে বিশ্বকাপ খেলার আপাতত কোনো পথও দেখা যাচ্ছে না।

এশিয়ার শক্তিশালী দল ইরান গ্রুপ পর্বের ম্যাচগুলো বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ডের বিপক্ষে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে খেলবে। ম্যাচগুলো মেক্সিকো সিটির আজটেকা, গুয়াদালাহারা বা মন্টেরেতে সরিয়ে নেওয়ার চেষ্টার জবাবে ফিফা দ্রুতই তা প্রত্যাখ্যান করে।

এ প্রসঙ্গে ফিফার এক মুখপাত্র বলেন, ‘ফিফা অংশগ্রহণকারী সব সদস্য দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, যার মধ্যে ইরানও রয়েছে। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আলোচনা চলমান। ফিফা ৬ ডিসেম্বর ২০২৫-এ ঘোষিত ম্যাচ সূচি অনুযায়ী সব দলকে প্রতিযোগিতায় অংশ নিতে দেখার অপেক্ষায় আছে।’ মেক্সিকো সিটিতে কথা বলতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানান, ইরানের অনুরোধ মানতে তারা প্রস্তুত থাকতে পারেন।

তিনি বলেন, ‘মেক্সিকোর জন্য এতে কোনো সমস্যা নেই, এটি কেবল ফিফার লজিস্টিকসের বিষয়। এটি সম্ভব, কারণ তাদের যুক্তরাষ্ট্রেই যাওয়ার কথা ছিল। যদি তারা মেক্সিকোয় ম্যাচ আয়োজন করতে চায়। বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং যথাসময়ে আমরা জানাব।’

আসর শুরুর মাত্র ১২ সপ্তাহ আগে ১০৪ ম্যাচের সূচি পরিবর্তন হওয়া খুবই অসম্ভব বলে মনে করা হচ্ছে। এত দেরিতে সূচি পরিবর্তন ফিফার জন্য বড় ধরনের লজিস্টিকস দুর্ভোগ তৈরি করবে।

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন জানালেন মির্জা  ফখরুল ইসলাম আলমগীর

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া চলতি বছরের মধ্যেই বিএনপির সম্মেলনও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমনটি জানান মির্জা ফখরুল। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মতবিনিময় সভা করলেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে। নিঃসন্দেহে এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপির সম্মেলন প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন, ‘বিএনপির সম্মেলন এ বছরের মধ্যেই। এখনো আমরা সময় নির্ধারণ করিনি। কিন্তু আমার মনে হয়, শিগগিরই হবে কাউন্সিল।’ প্রসঙ্গত, বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০১৬ সালে।

বিএনপির মহাসচিবকে উদ্দেশ করে এক সাংবাদিক বলেন, সরকার গঠনের পর সরকার ও দল ‘এক হয়ে গেছে’। দলের কার্যক্রম কবে নাগাদ শুরু হবে? জবাবে তিনি বলেন, দলের কার্যক্রম তো চলছে, ছোট খাটোভাবে তো চলছে। এক মাসে সরকার গঠন করতে তো সময় লেগেছে। দলের লোক বেশিরভাগই সরকারে চলে গেছেন। সেই জায়গাগুলোতে সময় লাগবে; এটা বিচ্ছিন্ন ব্যাপার না। এটা আলাদা করে দেখা যাবে না। সরকার তার কাজ করবে, দল তার কাজ করবে।

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, বিএনপি যখনই সরকারে আসে, তখনই একটা করে বড় রকমের ঝামেলা আসে; এর আগেও এমনটা দেখা গেছে। এবার এসেছে ইরান যুদ্ধ, এই যুদ্ধের ফলে বিশ্বে তেলের দাম বৃদ্ধি পেয়ে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। তবে বিএনপি সরকার এখন পর্যন্ত যোগ্যতা ও দক্ষতার সঙ্গে এই বিষয়গুলো মোকাবিলা করেছে। এর ফলে দেশে তেলের দাম এখনো বাড়েনি। এ ছাড়াও এবার গার্মেন্টস্‌ ফ্যাক্টরিগুলোতে বেতন না দেওয়ার যেসব ঝামেলা হয়, সেগুলো হয়নি। কারণ, এসব বিষয়ে এবার আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদের ব্যাপারে আমরা কিন্তু শতভাগ কমিটেড (প্রতিশ্রুতিবদ্ধ), যেগুলো আমরা সই করেছি। আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা যেগুলোতে একমত হয়েছি, সেই বিষয়গুলোতে আমরা কমিটেড। সেই কমিটমেন্ট থেকে আমরা এক চুলও নড়ব না। আর যেগুলো আমাদের ওপর চাপিয়ে দেওয়া- এগুলো মেনে নেওয়া তো আমাদের জন্য নিশ্চয়ই সবসময় সম্ভব নাও হতে পারে। তবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি।

সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই দেশটিতে পবিত্র ঈদুল ফিতর আগামী শুক্রবার (২০ মার্চ) উদ্‌যাপন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ছিল। কর্তৃপক্ষ চাঁদ দেখার চেষ্টা করে। কিন্তু তা দেখা যায়নি। ফলে সৌদি আরবে পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। এ হিসেবে বৃহস্পতিবার (১৯ মার্চ) হবে রমজানের শেষ দিন। পরদিন শুক্রবার ঈদ পালিত হবে।

ইসলামি বিধান অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ নির্ধারণ করা হয়। চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ করা হয়, এরপর ঈদ উদযাপিত হয়।

বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার তারতম্যের কারণে ঈদের তারিখ ভিন্ন হতে পারে। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার ঈদ উদযাপিত হলেও দক্ষিণ এশিয়ার অনেক দেশে একদিন পর ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্ব স্ব দেশগুলোতে স্থানীয় চাঁদ দেখার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদের তারিখ ঘোষণা করা হবে।