খুঁজুন
শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্দি সারছে না? ঘরোয়া চিকিৎসায় দ্রুত সেরে উঠুন

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৬:১৭ পূর্বাহ্ণ
সর্দি সারছে না? ঘরোয়া চিকিৎসায় দ্রুত সেরে উঠুন

ঠান্ডা লাগা বা সর্দি হওয়া আমাদের জন্য খুবই সাধারণ একটি বিষয়। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা—যে কোনো মৌসুমে এ সমস্যা দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে ঠান্ডা-সর্দি অনেক দিন থাকতে পারে, আবার অনেকের ক্ষেত্রে দ্রুতই সেরে যায়।

সাধারণত ঋতু বদলের সময় ঠান্ডা-সর্দির মতো উপসর্গগুলো অনেকের ক্ষেত্রে মাথাচাড়া দিয়ে ওঠে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে এ সমস্যা আরও জটিল আকার ধারণ করে। হালকা তাপমাত্রার তারতম্য ও দূষণের প্রভাব সামলানো তাদের ক্ষেত্রে বেশ মুশকিল হয়ে যায়।

সর্দির লক্ষণগুলো কী কী?

ঠান্ডা-সর্দির বেশ কিছু লক্ষণ থাকে, যেগুলো শিশু ও প্রাপ্তবয়স্কদের একই রকম হয়ে থাকে। সেগুলো হলো নাক বন্ধ হওয়া, সর্দি থাকা, গলাব্যথা, মাথাব্যথা, মাংসপেশিতে ব্যথা, কাশি, হাঁচি, জ্বর, কানে ও মুখে চাপ অনুভব করা, স্বাদ ও ঘ্রাণের অনুভূতি কমে আসা।

সর্দি কেন হয়?

বিশ্বের সবচেয়ে বেশি হওয়া রোগগুলোর মধ্যে একটি হচ্ছে ঠান্ডা-সর্দি। এ রোগের কারণ হলো ভাইরাসের সংক্রমণ। একসময় ধারণা করা হতো, সর্দি হওয়ার একমাত্র কারণ ছিল একটি বিশেষ গোত্রের ভাইরাস। পরে আশির দশকে সে ধারণা বদলে যায়। তখন বিজ্ঞানীরা নিশ্চিত হন, সাতটি গোত্রের ভাইরাসের কারণে সর্দি হয়ে থাকে।

শীতের সময় এ ভাইরাসগুলো দ্রুত সংক্রমিত বা ছড়িয়ে পড়ার মতো পরিবেশ পায়। তাই এ সময়টাতে মানুষের সর্দি হওয়ার আশঙ্কা থাকে বেশি। সর্দি থাকা অবস্থায় সংক্রমণকারী জীবাণু নাসারন্ধ্রের ভেতরে মিউকাস লাইনিং অতিক্রমের মাধ্যমে প্রবেশ করে। এতে নাসারন্ধ্রের ভেতর অতিরিক্ত সর্দি জমা হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ‘রাইনোরেয়া’ বলা হয়।

ঘরোয়া উপায়ে সেরে উঠুন ঠান্ডা-সর্দির হাত থেকে সাধারণত কয়েক দিনের মধ্যেই ঠান্ডা-সর্দি ভালো হয়ে যায়। তবে কয়েকটি ঘরোয়া উপায়ে স্বাভাবিকের চেয়ে আরও দ্রুত সময়ে এ সমস্যা দূর করা সম্ভব। চলুন, একনজরে উপায়গুলো জেনে নেওয়া যাক—

গরম পানির ভাপ

সর্দির সমস্যায় ভুগলে প্রথমেই গরম পানির ভাপ বা স্টিম ইনহেল করা প্রয়োজন। যদি সমস্যা বেশি হয় তাহলে দিনে ২-৩ বার এ গরম পানির ভাপ নিতে পারেন। যাদের সাইনোসাইটিসের সমস্যা আছে, তাদের পোস্ট নেজাল ড্রিপিং হয় এবং সেই পানি গলায় প্রবেশ করে কাশির সমস্যা আরও বাড়িয়ে দেয়। এ ক্ষেত্রে স্টিম ইনহেলেশন ভালো কাজ করে।

পানীয় তৈরি করুন

আদা, কাঁচা হলুদ, গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ আর মেথি একটি পাত্রে একসঙ্গে ভালো করে ফুটিয়ে নিন। পানি ফুটে অর্ধেক হয়ে গেলে নামিয়ে নিন। এরপর কয়েক মিনিট রেখে দিন। তীব্র গরম ভাব কেটে গেলে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে চায়ের মতো পান করুন। এতে খুশখুশে কাশি থাকলে তো কমবেই, সেই সঙ্গে ইনফ্লামেশনও চলে যাবে।

তরল পানীয় পান করুন

সর্দি কমাতে সারা দিন গরম পানি পান করতে পারেন। সেই সঙ্গে স্যুপ, আদা ও মধু দেওয়া চা খেতে পারেন। তবে শরীরে আর্দ্রতার যেন কোনো ঘাটতি না হয়, সেদিকেও নজর রাখতে হবে।

গার্গল করুন

গরম পানি গার্গল করলে সর্দি অনেকটা কমে যায়। এ জন্য লবণ দেওয়া গরম পানি দিয়ে সকালে ও রাতে গার্গল করুন। এতে সর্দি কমার পাশাপাশি গলার খুশখুশে ভাব কেটে যাবে।

আমলকী বা লেবু খান

আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি। তাই আমলকী বা লেবুর মতো ফল প্রতিদিন নিয়ম করে খেলে সর্দি থেকে মুক্তি মিলতে পারে।

পেঁয়াজ

সর্দির সমস্যা দূর করার জন্য পেঁয়াজ হতে পারে একটি কার্যকর উপাদান। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করার সঙ্গে শরীরে উপস্থিত ক্ষতিকর ব্যাকটেরিয়াও ধ্বংস করে দেয়। একটি পাত্রে কয়েক টুকরো পেঁয়াজ কেটে তাতে মধু মেশান। এরপর সারারাত পাত্রটি ঢেকে রাখুন। সকালে খালি পেটে এর থেকে বেরিয়ে আসা সামান্য তরলটুকু পান করলেই উপকার মিলবে।

তুলসী পাতা

তুলসী পাতাকে অনেক রোগের ওষুধ হিসেবে ধরা হয়। বিশেষ করে সর্দি-কাশিতে তুলসী পাতা বেশ উপকারী একটি উপাদান। প্রথমে তুলসী পাতা ও আদা একসঙ্গে গরম পানিতে ফুটিয়ে নিন। এবার গরম পানিতে কয়েক ফোঁটা মধু মিশিয়ে চায়ের মতো পান করুন। অতিরিক্ত ঠান্ডা লাগলে মিশ্রণটি দিনে দুবার পান করলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

ঠান্ডাজাতীয় খাবার এড়িয়ে চলুন

যে কোনো ঠান্ডাজাতীয় খাবার এড়িয়ে চলুন। যেমন : দই, শরবত ও আইসক্রিম—এসব খাবার খেলে সর্দি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

ইরানের আবেদনে ফিফার না

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
ইরানের আবেদনে ফিফার না

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে ফিফা বিশ্বকাপ সংক্রান্ত ধূম্রজাল শেষ হচ্ছে না। ইরান তাদের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় সরিয়ে নেওয়ার যে দাবি জানিয়েছিল, তা প্রত্যাখ্যান করেছে বিশ্ব ফুটবল সংস্থা। এ অবস্থায় চির শত্রু যুক্তরাষ্ট্রের মাটিতে ইরান আদৌ খেলতে যাবে তো!

চলমান অনিশ্চয়তার মধ্যে ইরানের ম্যাচ আয়োজনে দুয়ার খুলে দিয়েছে মেক্সিকো। সূচি বদলের সম্ভাবনা ফিফা উড়িয়ে দেওয়ার পর আপাতত সে সম্ভাবনা নেই। কিন্তু এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের টিকিট পাওয়া ইরানের মৃসণভাবে বিশ্বকাপ খেলার আপাতত কোনো পথও দেখা যাচ্ছে না।

এশিয়ার শক্তিশালী দল ইরান গ্রুপ পর্বের ম্যাচগুলো বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ডের বিপক্ষে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে খেলবে। ম্যাচগুলো মেক্সিকো সিটির আজটেকা, গুয়াদালাহারা বা মন্টেরেতে সরিয়ে নেওয়ার চেষ্টার জবাবে ফিফা দ্রুতই তা প্রত্যাখ্যান করে।

এ প্রসঙ্গে ফিফার এক মুখপাত্র বলেন, ‘ফিফা অংশগ্রহণকারী সব সদস্য দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, যার মধ্যে ইরানও রয়েছে। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আলোচনা চলমান। ফিফা ৬ ডিসেম্বর ২০২৫-এ ঘোষিত ম্যাচ সূচি অনুযায়ী সব দলকে প্রতিযোগিতায় অংশ নিতে দেখার অপেক্ষায় আছে।’ মেক্সিকো সিটিতে কথা বলতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানান, ইরানের অনুরোধ মানতে তারা প্রস্তুত থাকতে পারেন।

তিনি বলেন, ‘মেক্সিকোর জন্য এতে কোনো সমস্যা নেই, এটি কেবল ফিফার লজিস্টিকসের বিষয়। এটি সম্ভব, কারণ তাদের যুক্তরাষ্ট্রেই যাওয়ার কথা ছিল। যদি তারা মেক্সিকোয় ম্যাচ আয়োজন করতে চায়। বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং যথাসময়ে আমরা জানাব।’

আসর শুরুর মাত্র ১২ সপ্তাহ আগে ১০৪ ম্যাচের সূচি পরিবর্তন হওয়া খুবই অসম্ভব বলে মনে করা হচ্ছে। এত দেরিতে সূচি পরিবর্তন ফিফার জন্য বড় ধরনের লজিস্টিকস দুর্ভোগ তৈরি করবে।

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন জানালেন মির্জা  ফখরুল ইসলাম আলমগীর

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া চলতি বছরের মধ্যেই বিএনপির সম্মেলনও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমনটি জানান মির্জা ফখরুল। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মতবিনিময় সভা করলেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে। নিঃসন্দেহে এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপির সম্মেলন প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন, ‘বিএনপির সম্মেলন এ বছরের মধ্যেই। এখনো আমরা সময় নির্ধারণ করিনি। কিন্তু আমার মনে হয়, শিগগিরই হবে কাউন্সিল।’ প্রসঙ্গত, বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০১৬ সালে।

বিএনপির মহাসচিবকে উদ্দেশ করে এক সাংবাদিক বলেন, সরকার গঠনের পর সরকার ও দল ‘এক হয়ে গেছে’। দলের কার্যক্রম কবে নাগাদ শুরু হবে? জবাবে তিনি বলেন, দলের কার্যক্রম তো চলছে, ছোট খাটোভাবে তো চলছে। এক মাসে সরকার গঠন করতে তো সময় লেগেছে। দলের লোক বেশিরভাগই সরকারে চলে গেছেন। সেই জায়গাগুলোতে সময় লাগবে; এটা বিচ্ছিন্ন ব্যাপার না। এটা আলাদা করে দেখা যাবে না। সরকার তার কাজ করবে, দল তার কাজ করবে।

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, বিএনপি যখনই সরকারে আসে, তখনই একটা করে বড় রকমের ঝামেলা আসে; এর আগেও এমনটা দেখা গেছে। এবার এসেছে ইরান যুদ্ধ, এই যুদ্ধের ফলে বিশ্বে তেলের দাম বৃদ্ধি পেয়ে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। তবে বিএনপি সরকার এখন পর্যন্ত যোগ্যতা ও দক্ষতার সঙ্গে এই বিষয়গুলো মোকাবিলা করেছে। এর ফলে দেশে তেলের দাম এখনো বাড়েনি। এ ছাড়াও এবার গার্মেন্টস্‌ ফ্যাক্টরিগুলোতে বেতন না দেওয়ার যেসব ঝামেলা হয়, সেগুলো হয়নি। কারণ, এসব বিষয়ে এবার আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদের ব্যাপারে আমরা কিন্তু শতভাগ কমিটেড (প্রতিশ্রুতিবদ্ধ), যেগুলো আমরা সই করেছি। আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা যেগুলোতে একমত হয়েছি, সেই বিষয়গুলোতে আমরা কমিটেড। সেই কমিটমেন্ট থেকে আমরা এক চুলও নড়ব না। আর যেগুলো আমাদের ওপর চাপিয়ে দেওয়া- এগুলো মেনে নেওয়া তো আমাদের জন্য নিশ্চয়ই সবসময় সম্ভব নাও হতে পারে। তবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি।

সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই দেশটিতে পবিত্র ঈদুল ফিতর আগামী শুক্রবার (২০ মার্চ) উদ্‌যাপন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ছিল। কর্তৃপক্ষ চাঁদ দেখার চেষ্টা করে। কিন্তু তা দেখা যায়নি। ফলে সৌদি আরবে পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। এ হিসেবে বৃহস্পতিবার (১৯ মার্চ) হবে রমজানের শেষ দিন। পরদিন শুক্রবার ঈদ পালিত হবে।

ইসলামি বিধান অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ নির্ধারণ করা হয়। চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ করা হয়, এরপর ঈদ উদযাপিত হয়।

বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার তারতম্যের কারণে ঈদের তারিখ ভিন্ন হতে পারে। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার ঈদ উদযাপিত হলেও দক্ষিণ এশিয়ার অনেক দেশে একদিন পর ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্ব স্ব দেশগুলোতে স্থানীয় চাঁদ দেখার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদের তারিখ ঘোষণা করা হবে।