খুঁজুন
বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিকল্প উপায়ে রাজস্ব বাড়ানোর সুপারিশ উচ্চ মূল্যস্ফীতিকে উস্কে দেবে নতুন ভ্যাট

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৭:০৫ পূর্বাহ্ণ
বিকল্প উপায়ে রাজস্ব বাড়ানোর সুপারিশ উচ্চ মূল্যস্ফীতিকে উস্কে দেবে নতুন ভ্যাট

রাজস্ব আদায়ে আইএমএফের শর্ত পূরণ করতে গিয়ে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবায় যোগ হচ্ছে বাড়তি করের বোঝা। হঠাৎ ভ্যাট, সম্পূরক শুল্কসহ বিভিন্ন ধরনের কর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়তি করের তালিকায় রয়েছে– ওষুধ, গুঁড়া দুধ, বিস্কুট, জুস, ফলমূল, সাবান, মিষ্টি, মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, হোটেল-রেস্তোরাঁ, এলপিজি গ্যাস, বিমানের টিকিটসহ ৪৩ ধরনের পণ্য ও সেবা। অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্ত চলমান উচ্চ মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলেছেন, বর্তমানে সাধারণ মূল্যস্ফীতি ১১ শতাংশের বেশি। আর খাদ্য মূল্যস্ফীতি প্রায় ১৪ শতাংশ। নতুন করে ৪৩ পণ্য ও সেবার ওপর ভ্যাট ১৫ শতাংশ হলে মূল্যস্ফীতি আরও বাড়বে। তারা কর ফাঁকি বন্ধ বা অন্য কোনো কৌশলে রাজস্ব বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

এদিকে ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের কষ্ট হবে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, যেসব পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হচ্ছে, তাতে জিনিসপত্রের দামের ওপর তেমন প্রভাব পড়বে না। কারণ অত্যাবশ্যকীয় জিনিসপত্রের ওপর সব ভ্যাট শূন্য করে দেওয়া হয়েছে। মূল্যস্ফীতির মূল ইন্ডিকেটর হচ্ছে চাল-ডাল ইত্যাদি।

অর্থ উপদেষ্টা বলেন, তিন তারকার ওপরের রেস্টুরেন্টে ভ্যাট বাড়ানো হচ্ছে। সেখানে কারও খরচের ওপর ১০ টাকা যোগ হলে মনোবেদনার কিছু আছে বলে মনে হয় না। বিমান ভাড়ার ক্ষেত্রে ভ্যাট ২০০ টাকা বাড়ানো হচ্ছে। এটি কেউ দিতে পারবে না বলে মনে হয় না। পৃথিবীর কোনো দেশেই এত কম ট্যাক্স নেই। অন্তর্বর্তী সরকারের পাঁচ মাসের মধ্যে এ সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আর রাজস্ব ঘাটতি অনেক বেশি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান সমকালকে বলেন, তালিকায় থাকা ওষুধ, পোশাক, রেস্টুরেন্ট, মোবাইল ফোনসহ আরও অনেক কিছুই নিত্যপণ্য। তাছাড়া এগুলোর অজুহাতে অন্য অনেক পণ্যেরও দাম বাড়ানোর সুযোগ খুঁজবেন ব্যবসায়ীরা। কারণ ব্যবসায়ীদের আচার-আচরণ নিয়ন্ত্রণ করার সক্ষমতা সরকারের মধ্যে দেখা যাচ্ছে না। এমনিতেই এ মুহূর্তে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উচ্চ মূল্যস্ফীতির সময় কিছু ক্ষেত্রে কর ছাড় দেওয়া উচিত। এখন কর বৃদ্ধির যৌক্তিক সময় নয়। এতে করে মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যেতে পারে। তাই এ বিষয়ে আরও পর্যালোচনার সুযোগ ছিল।

তিনি আরও বলেন, অবশ্যই সরকারকে রাজস্ব আয় বাড়াতে হবে। কিন্তু পরোক্ষ কর বাড়ানোর মাধ্যমে সরকার খুব সহজ পথে হাঁটল। প্রত্যক্ষ কর বাড়ানোর পাশাপাশি করের আওতা বাড়ানো ও কর ফাঁকি বন্ধ করেও রাজস্ব বাড়ানোর চেষ্টা করা দরকার ছিল।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. লুৎফর রহমান সমকালকে বলেন, অতীতে অর্থবছরের মাঝামাঝি ভ্যাট বৃদ্ধি খুবই

সীমিত ছিল। এত বড় মাত্রার হঠাৎ বৃদ্ধি আগে দেখা যায়নি। এ ক্ষেত্রে জনগণ কতটুকু গ্রহণ করতে পারবে, সেদিকেও নজর রাখা প্রয়োজন ছিল। প্রায় আড়াই বছরের ব্যবধানে ডলারের বিনিময় মূল্য ৯০ টাকা থেকে ১২৩ টাকায় উন্নীত হয়েছে। এর ফলে জিনিসপত্রের দাম বেড়েছে, আনুপাতিক হারে বাড়তি দামের ওপর ভ্যাট আদায় হচ্ছে। নতুন করে আবার ভ্যাট বাড়ানো হলে তা মানুষের জীবনযাত্রার ব্যয় সহ্যের সীমা ছাড়িয়ে যেতে পারে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে ১০ টাকা ভ্যাট বাড়লে পণ্যের দাম বাজারে ৩০ টাকা পর্যন্ত বাড়তে পারে।

আইএমএফের পরামর্শের ওপর ভিত্তি করে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, দেশীয় সমস্যা সমাধানের দায়িত্ব অন্যদের ওপর ছেড়ে দিলে উন্নতি সম্ভব নয়। তার মতে, ভ্যাট হার এক হওয়া ভালো। তবে বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োজনী ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হারে ভ্যাট প্রযোজ্য রয়েছে।

ভোক্তাদের সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসেন সমকালকে বলেন, ভ্যাটের মতো পরোক্ষ কর বাড়ানো জনগণের প্রতি অবিচার, যা একটি কল্যাণ রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয়। এটি সাধারণ জনগণের ওপর ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলবে। পণ্যের দাম দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এভাবে কর বাড়ালে ভোক্তাদের ওপর চাপ বাড়বে এবং মূল্যস্ফীতির চাপও আরও তীব্র হতে পারে। শুধু আইএমএফের ঋণের শর্ত বাস্তবায়নের জন্য এ উদ্যোগ নেওয়া হলে মানুষের মধ্যে অসন্তোষ বাড়বে।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, করোনা মহামারির পর থেকে হোটেল-রেস্তোরাঁ খাত ভয়াবহ খারাপ সময় পার করছে। এ খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য উঠেপড়ে লেগেছে একটি গোষ্ঠী। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ অন্য কোনো অংশীজনের সঙ্গে আলোচনা ছাড়াই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, সার্বিকভাবে অর্থনীতিতে স্থবিরতা বিরাজ করছে। আগামীতে কী হবে, তা নিয়ে ব্যবসায়ীরা চিন্তিত। এ অবস্থায় ভ্যাট বাড়ানো মানে দেশকে আরও ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। তাদের দাবি, ভ্যাট বাড়ানো তো যাবেই না বরং কমাতে হবে। সরকারের রাজস্ব বাড়াতে করের আওতা বাড়ানোর পাশাপাশি ফাঁকি রোধ ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

জানা গেছে, চলমান ঋণ কর্মসূচির আওতায় চলতি ২০২৪-২৫ অর্থবছরেই কর-জিডিপির অনুপাত দশমিক ২ শতাংশ বাড়ানোর শর্ত দিয়েছে আইএমএফ। টাকার অঙ্কে যা ১২ হাজার কোটি টাকার বেশি। এ জন্য মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে কিছু সংশোধন আনা হচ্ছে। এসব সংশোধনীসহ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধনী) অধ্যাদেশ-২০২৫-এর খসড়া গত বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

সংশোধনীর মাধ্যমে সহজ পন্থায় ভ্যাট আদায় করতে এবারও এনবিআর মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট খরচকে বেছে নিয়েছে। চলতি বাজেটে মোবাইল ফোনের সম্পূরক শুল্ক এক দফা বাড়িয়ে ১৫ শতাংশ থেকে ২০ শতাংশ করা হয়। আবার বাড়িয়ে তা ২৫ শতাংশ করা হচ্ছে। জীবন রক্ষাকারী ওষুধের দিকেও নজর দেওয়া হয়েছে। সরবরাহ পর্যায়ে ওষুধের ভ্যাট হার ২ দশমিক ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। এলপিজি গ্যাস সরবরাহ পর্যায়ে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়েছে।

হোটেল-রেস্তোরাঁয় খাবার খরচও বাড়বে। আগামীতে সব ধরনের হোটেলে খাবার খেতে অতিরিক্ত ১৫ শতাংশ বাড়তি টাকা খরচ করতে হবে, যা সরকার ভ্যাট হিসেবে আদায় করবে। বর্তমানে রেস্তোরাঁয় খেতে ৫ শতাংশ এবং হোটেলে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট দিতে হয়। ব্র্যান্ডের পোশাক কেনার খরচও বাড়বে। কারণ তৈরি পোশাকের ভ্যাট ৭ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। আরও দাম বাড়বে গুঁড়া দুধ, বিস্কুট, আচার, টমেটো সস, এইচআর কয়েল, সিআর কয়েল, চশমার ফ্রেম, সানগ্লাস, টয়লেট টিস্যু, মিষ্টি, গাড়ির ওয়ার্কশপ, তাজা-শুকনা সুপারি, ফলের রস, তাজা ফল, সাবান-ডিটারজেন্ট, রং, সিগারেট, বিমানের টিকিট ইত্যাদির।

বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহর

সুন্দরবন নিউজ ২৪ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ
বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহর

আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে রাজ্যটিতে বাবরের নামে কোনো মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বুধবার (১৫ এপ্রিল) আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

এর আগে গত ডিসেম্বরে তৃণমূলের বহিষ্কৃত নেতা হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা এবং পরবর্তীতে বেলডাঙায় এর কাজ শুরু করার প্রেক্ষাপটে অমিত শাহ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, মমতা দিদি, আপনি কান খুলে শুনে রাখুন—আপনি এবং আপনার ভাতিজা যতই চেষ্টা করুন না কেন, এই বাংলা ভারতের ভূমি। স্বামী বিবেকানন্দের এই পবিত্র মাটিতে কোনোভাবেই বাবরি মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না।

অমিত শাহ তার বক্তব্যে অভিযোগ করেন, রাম মন্দির নির্মাণ বাধাগ্রস্ত করতে দীর্ঘ সাড়ে ২৫ বছর ধরে মুঘল, ইংরেজ এবং কংগ্রেসের পাশাপাশি মমতা ব্যানার্জিও প্রচেষ্টা চালিয়েছিলেন।

তিনি বলেন, ২০১৯ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর সেই দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে রাম মন্দির নির্মাণ করেছেন। অথচ পশ্চিমবঙ্গে মমতা তারই দলের সাবেক বিধায়ককে দিয়ে বাবরি মসজিদ বানানোর ছক কষছেন।

জনসভার উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়ে বলেন, আপনারাই বলুন, মমতাকে কি এখানে বাবরি মসজিদ নির্মাণ করতে দেওয়া উচিত?

অনুপ্রবেশ প্রসঙ্গে শাহ বলেন, ত্রিপুরা, আসাম ও বিহারের মতো পশ্চিমবঙ্গেও বিজেপির সরকার তৈরি হলে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। দেশ থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে বের করে দেওয়া হবে এবং একজনকেও এই রাজ্যে ঢুকতে দেওয়া হবে না।

এছাড়া তিনি দাবি করেন, মোদি সরকার আসার পর সার্জিক্যাল স্ট্রাইক ও ‘অপারেশন সিঁদুর’ এর মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যা আগের কংগ্রেস সরকার করতে ব্যর্থ হয়েছিল।

শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ তাঁর ছেলের

সুন্দরবন নিউজ ২৪ স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ তাঁর ছেলের

২০২২ সালের ৪ মার্চ না ফেরার দেশে চলে যান শেন ওয়ার্ন। তবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনারের মৃত্যুর চার বছর পেরিয়ে গেলেও আলোচনা এখনো শেষ হয়নি। তাঁর মৃত্যু নিয়ে শোনা যাচ্ছে একের পর এক রহস্যময় তথ্য। অজি কিংবদন্তি লেগস্পিনারের ছেলে এবার বিস্ফোরক অভিযোগ করেছেন।

শেন ওয়ার্ন যখন মারা যান, তখন কোভিড-১৯ অতিমারির প্রাদুর্ভাব কিছুটা হলেও ছিল। কোয়ারেন্টিন অবস্থা থেকে বেরোলেও অনেকেই প্রতিষেধক হিসেবে টিকা নিয়েছিলেন। যেটার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে শিশু ও বৃদ্ধদের। ৫২ বছর বয়সী ওয়ার্নও নিয়েছিলেন টিকা। তাঁর ছেলে জ্যাকসনের দাবি জোর করে টিকা দেওয়াতেই মূলত অজি কিংবদন্তির মৃত্যু ত্বরান্বিত হয়েছিল।

কদিন আগে ‘টু ওয়ার্ল্ডস কোলাইড’ নামক এক পডকাস্টে এসেছিলেন জ্যাকসন। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওয়ার্নের মৃত্যুতে করোনা টিকার কোনো প্রভাব ছিল কি না। উত্তরে জ্যাকসন বলেন, ‘আমি নিশ্চিত এখানে টিকা জড়িত ছিল।বাবার যদি আগে কোনো শারীরিক সমস্যা থাকেও টিকার কারণে সেটা প্রকট হয়েছে বলে মনে হচ্ছে। খবরটা পেয়েই আমার মনে হচ্ছিল কোভিডের টিকার কথা।’

২০২২ সালে থাইল্যান্ডের কোহ সামুইতে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন ওয়ার্ন। মৃত্যুর পর থাই পুলিশ তাঁর ঘর থেকে কিছু ওষুধ সরিয়ে ফেলেছে বলে অভিযোগও উঠেছিল। এমনকি অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তির শরীরে উত্তেজক ওষুধও পাওয়া গিয়েছিল। তবে তাঁর ছেলে জ্যাকসন তা অস্বীকার করেছেন।

৮০০ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী মুত্তিয়া মুরালিধরন। এই তালিকায় লঙ্কান কিংবদন্তির পরই শেন ওয়ার্ন। ১৪৫ টেস্টে নিয়েছেন ৭০৮ উইকেট। ৩৭ বার নিয়েছেন ইনিংসে পাঁচ উইকেট। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ১০ বার। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি লেগস্পিনার পেয়েছেন ২৯৩ উইকেট। আর ২০০৮ আইপিএলে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস।

কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড ভাঙলেন গাউট

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড ভাঙলেন গাউট

সিডনির ট্রাকে ঝড় তুললেন ১৮ বছরের এক তরুণ। তার নাম গাউট গাউট। মাত্র ১৯.৬৭ সেকেন্ডে ২০০ মিটার দৌড় শেষ করে জিতে নিলেন জাতীয় চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক। সেইসঙ্গে তোলপাড় করেছেন রেকর্ড বুক।

অনূর্ধ্ব-২০ পর্যায়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন গাউট। ভেঙে দিলেন কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড। ১৮ বছর বয়সে বোল্টের দ্রুততম সময় ছিল ১৯.৯৩ সেকেন্ড। গাউট সময় নিলেন তার চেয়েও কম।

অস্ট্রেলিয়ার অ্যাথলেটিকস ইতিহাসে গাউটই প্রথম। এর আগে কোনো অজি স্প্রিন্টার ২০ সেকেন্ডের নিচে ২০০ মিটার শেষ করতে পারেননি। এমন দুর্দান্ত কীর্তি গড়ার পর গাউট বললেন, ‘আমি এর জন্যই অপেক্ষা করছিলাম।’

কিছুদিন ধরেই গাউটকে উসাইন বোল্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। তার লম্বা ধাপে পা ফেলা, সোজা হয়ে দৌড়ানো এবং শেষ দিকের বিধ্বংসী গতির কারণে তাকে ‘পরবর্তী বোল্ট’ বলছেন অনেকেই।

গাউটের নজর এখন আসন্ন অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের দিকে। তিনি বলেন, ‘আমি এখনো মাত্র ১৮ বছর বয়সী। আমি অবশ্যই আরও জোরে দৌড়াতে পারি।’

বোল্টের সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি বেশ বিনয়ী। তিনি বলেন, ‘দিন শেষে আমি তো আমিই। আমি আমার কাজ করছি। আমার কোনো চাপ নেই। ট্র্যাকে নামলে শুধু ট্র্যাক আর আমার স্পাইক নিয়েই ভাবি।’