খুঁজুন
শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মাস ধরে জলাতঙ্কের টিকা সরবরাহ নেই শ্যামনগর হাসপাতালে

সুন্দরবন নিউজ ২৪ ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ণ
দুই মাস ধরে জলাতঙ্কের টিকা সরবরাহ নেই শ্যামনগর হাসপাতালে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাসেরও অধিক সময় ধরে জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ রয়েছে। ফলে কুকুর-বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীরা ভোগান্তিতে পড়ছেন। হাসপাতালে এসে টিকা না পেয়ে হতাশ হয়ে ফিরছেন অনেকে। জলাতঙ্কের টিকা না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন তারা।

জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা না থাকায় যারা সামর্থ্যবান তারা বাইরে থেকে টিকা কিনে চিকিৎসা নিচ্ছেন। আর যেসব রোগীর সামর্থ্য নেই তারা টিকা না নিয়েই জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছেন। আবার হাসপাতালে টিকা না পেয়ে অনেকেই আশ্রয় নিচ্ছেন কবিরাজের কাছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক হয়, এমন প্রাণীর (কুকুর, বানর, শিয়াল, বেজি, বাঁদুড় ও বিড়াল) কামড়ে আক্রান্ত রোগী এসেছেন ৫২ জন। তাদের মধ্যে ৩৬জন পুরুষ, ১৬জন নারী। এর মধ্যে ১৫ বছরের কম বয়সী ৩০জন এবং ১৫ বছরের ওপরে রয়েছেন ২২জন। এ ছাড়া চলতি মাসের ৪ তারিখ পর্যন্ত ৫০ জনের বেশি এসেছেন কুকুরসহ অন্যান্য হিংস্র প্রাণীর কামড়ে আহত হয়ে।

সূত্র আরো জানায়, গত ২৭ ডিসেম্বর এক দিনে কুকুরে কামড়ানো ১৯জন রোগী চিকিৎসা নিতে আসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে জলাতঙ্ক রোগের প্রতিষেধক এআরভির (অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন) সরবরাহ নেই স্বাস্থ্য কমপ্লেক্সে।

কুকুরের কামড়ে আহত শ্যামনগর উপজেলার হাঁটাছালা এলাকার সিনথিয়ার (২১) স্বজনরা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় তাদের বাইরে থেকে ভ্যাকসিন কিনে আনতে হয়েছে। এরপর হাসপাতাল থেকে সেবা দিয়েছে। তারা আক্ষেপ করে বলেন, সরকারি ভ্যাকসিন পেলে তাদের জন্য উপকার হতো।

শনিবার কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া এলাকার বাসিন্দা সাইদুর রহমানের ছেলে শাকিল হোসেন (১২) কুকুরের কামড়ে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা পাননি। পরে ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনে তাঁকে চিকিৎসা নিতে হয়েছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, কুকুর ও বিড়ালে কামড়ে আহত হয়ে প্রতিদিন গড়ে ২০ জন রোগী হাসপাতালে এসে টিকা নিচ্ছেন। হাসপাতালে সাপ্লাই না থাকায় তারা রোগীদের চারজনের গ্রুপ করে দেন। এই চারজন টিকা কিনে আনলে তারা টিকা পুশ করে দেন। এতে রোগীদের খরচ কম হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জিয়াউর রহমান বলেন, জলাতঙ্কের ভ্যাকসিন সাপ্লাই না থাকায় সাময়িকভাবে ভ্যাকসিন দেওয়া বন্ধ রয়েছে। আমরা চাহিদা জানিয়েছি। উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়েও এ বিষয়ে আলোচনা করা হয়েছে। সরকারি ভ্যাকসিন সরবরাহ হলে যথারীতি বিনামূল্যে হাসপাতাল থেকে ভ্যাকসিন দেওয়া যাবে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন আছে কিনা সেটা টিএইচও জানে। হয়তো এখন সাপ্লাই নাই, তাই দিতে পারছে না। সাপ্লাই হলে দেওয়া হবে। তবে সাতক্ষীরা সদর হাসপাতালে ভ্যাকসিন রয়েছে বলে জানান তিনি।

বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহর

সুন্দরবন নিউজ ২৪ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ
বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহর

আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে রাজ্যটিতে বাবরের নামে কোনো মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বুধবার (১৫ এপ্রিল) আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

এর আগে গত ডিসেম্বরে তৃণমূলের বহিষ্কৃত নেতা হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা এবং পরবর্তীতে বেলডাঙায় এর কাজ শুরু করার প্রেক্ষাপটে অমিত শাহ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, মমতা দিদি, আপনি কান খুলে শুনে রাখুন—আপনি এবং আপনার ভাতিজা যতই চেষ্টা করুন না কেন, এই বাংলা ভারতের ভূমি। স্বামী বিবেকানন্দের এই পবিত্র মাটিতে কোনোভাবেই বাবরি মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না।

অমিত শাহ তার বক্তব্যে অভিযোগ করেন, রাম মন্দির নির্মাণ বাধাগ্রস্ত করতে দীর্ঘ সাড়ে ২৫ বছর ধরে মুঘল, ইংরেজ এবং কংগ্রেসের পাশাপাশি মমতা ব্যানার্জিও প্রচেষ্টা চালিয়েছিলেন।

তিনি বলেন, ২০১৯ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর সেই দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে রাম মন্দির নির্মাণ করেছেন। অথচ পশ্চিমবঙ্গে মমতা তারই দলের সাবেক বিধায়ককে দিয়ে বাবরি মসজিদ বানানোর ছক কষছেন।

জনসভার উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়ে বলেন, আপনারাই বলুন, মমতাকে কি এখানে বাবরি মসজিদ নির্মাণ করতে দেওয়া উচিত?

অনুপ্রবেশ প্রসঙ্গে শাহ বলেন, ত্রিপুরা, আসাম ও বিহারের মতো পশ্চিমবঙ্গেও বিজেপির সরকার তৈরি হলে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। দেশ থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে বের করে দেওয়া হবে এবং একজনকেও এই রাজ্যে ঢুকতে দেওয়া হবে না।

এছাড়া তিনি দাবি করেন, মোদি সরকার আসার পর সার্জিক্যাল স্ট্রাইক ও ‘অপারেশন সিঁদুর’ এর মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যা আগের কংগ্রেস সরকার করতে ব্যর্থ হয়েছিল।

শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ তাঁর ছেলের

সুন্দরবন নিউজ ২৪ স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ তাঁর ছেলের

২০২২ সালের ৪ মার্চ না ফেরার দেশে চলে যান শেন ওয়ার্ন। তবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনারের মৃত্যুর চার বছর পেরিয়ে গেলেও আলোচনা এখনো শেষ হয়নি। তাঁর মৃত্যু নিয়ে শোনা যাচ্ছে একের পর এক রহস্যময় তথ্য। অজি কিংবদন্তি লেগস্পিনারের ছেলে এবার বিস্ফোরক অভিযোগ করেছেন।

শেন ওয়ার্ন যখন মারা যান, তখন কোভিড-১৯ অতিমারির প্রাদুর্ভাব কিছুটা হলেও ছিল। কোয়ারেন্টিন অবস্থা থেকে বেরোলেও অনেকেই প্রতিষেধক হিসেবে টিকা নিয়েছিলেন। যেটার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে শিশু ও বৃদ্ধদের। ৫২ বছর বয়সী ওয়ার্নও নিয়েছিলেন টিকা। তাঁর ছেলে জ্যাকসনের দাবি জোর করে টিকা দেওয়াতেই মূলত অজি কিংবদন্তির মৃত্যু ত্বরান্বিত হয়েছিল।

কদিন আগে ‘টু ওয়ার্ল্ডস কোলাইড’ নামক এক পডকাস্টে এসেছিলেন জ্যাকসন। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওয়ার্নের মৃত্যুতে করোনা টিকার কোনো প্রভাব ছিল কি না। উত্তরে জ্যাকসন বলেন, ‘আমি নিশ্চিত এখানে টিকা জড়িত ছিল।বাবার যদি আগে কোনো শারীরিক সমস্যা থাকেও টিকার কারণে সেটা প্রকট হয়েছে বলে মনে হচ্ছে। খবরটা পেয়েই আমার মনে হচ্ছিল কোভিডের টিকার কথা।’

২০২২ সালে থাইল্যান্ডের কোহ সামুইতে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন ওয়ার্ন। মৃত্যুর পর থাই পুলিশ তাঁর ঘর থেকে কিছু ওষুধ সরিয়ে ফেলেছে বলে অভিযোগও উঠেছিল। এমনকি অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তির শরীরে উত্তেজক ওষুধও পাওয়া গিয়েছিল। তবে তাঁর ছেলে জ্যাকসন তা অস্বীকার করেছেন।

৮০০ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী মুত্তিয়া মুরালিধরন। এই তালিকায় লঙ্কান কিংবদন্তির পরই শেন ওয়ার্ন। ১৪৫ টেস্টে নিয়েছেন ৭০৮ উইকেট। ৩৭ বার নিয়েছেন ইনিংসে পাঁচ উইকেট। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ১০ বার। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি লেগস্পিনার পেয়েছেন ২৯৩ উইকেট। আর ২০০৮ আইপিএলে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস।

কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড ভাঙলেন গাউট

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড ভাঙলেন গাউট

সিডনির ট্রাকে ঝড় তুললেন ১৮ বছরের এক তরুণ। তার নাম গাউট গাউট। মাত্র ১৯.৬৭ সেকেন্ডে ২০০ মিটার দৌড় শেষ করে জিতে নিলেন জাতীয় চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক। সেইসঙ্গে তোলপাড় করেছেন রেকর্ড বুক।

অনূর্ধ্ব-২০ পর্যায়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন গাউট। ভেঙে দিলেন কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড। ১৮ বছর বয়সে বোল্টের দ্রুততম সময় ছিল ১৯.৯৩ সেকেন্ড। গাউট সময় নিলেন তার চেয়েও কম।

অস্ট্রেলিয়ার অ্যাথলেটিকস ইতিহাসে গাউটই প্রথম। এর আগে কোনো অজি স্প্রিন্টার ২০ সেকেন্ডের নিচে ২০০ মিটার শেষ করতে পারেননি। এমন দুর্দান্ত কীর্তি গড়ার পর গাউট বললেন, ‘আমি এর জন্যই অপেক্ষা করছিলাম।’

কিছুদিন ধরেই গাউটকে উসাইন বোল্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। তার লম্বা ধাপে পা ফেলা, সোজা হয়ে দৌড়ানো এবং শেষ দিকের বিধ্বংসী গতির কারণে তাকে ‘পরবর্তী বোল্ট’ বলছেন অনেকেই।

গাউটের নজর এখন আসন্ন অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের দিকে। তিনি বলেন, ‘আমি এখনো মাত্র ১৮ বছর বয়সী। আমি অবশ্যই আরও জোরে দৌড়াতে পারি।’

বোল্টের সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি বেশ বিনয়ী। তিনি বলেন, ‘দিন শেষে আমি তো আমিই। আমি আমার কাজ করছি। আমার কোনো চাপ নেই। ট্র্যাকে নামলে শুধু ট্র্যাক আর আমার স্পাইক নিয়েই ভাবি।’