খুঁজুন
মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লিটানি নদী পর্যন্ত লেবাননের ১০ শতাংশ ভূখণ্ড দখলের হুমকি ইসরায়েলের

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
লিটানি নদী পর্যন্ত লেবাননের ১০ শতাংশ ভূখণ্ড দখলের হুমকি ইসরায়েলের

মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে লেবাননের সার্বভৌমত্বের ওপর এক বড় ধরনের আগ্রাসনের হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েল সীমান্ত থেকে শুরু করে লেবাননের অভ্যন্তরে অবস্থিত লিটানি নদী পর্যন্ত পুরো অঞ্চলটি সামরিকভাবে দখল করার পরিকল্পনা করছে তারা। এই বিশাল ভূখণ্ডটি আয়তনে সমগ্র লেবাননের প্রায় ১০ শতাংশের সমান। ইসরায়েলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হিজবুল্লাহর তৎপরতা বন্ধ করতে সীমান্তের কাছাকাছি অবস্থিত সব ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও হুঁশিয়ারি দিয়েছেন যে, তাদের চলমান সামরিক অভিযানের কারণে সীমান্ত অঞ্চল থেকে বাস্তুচ্যুত হওয়া অন্তত ৬ লাখ লেবানিজ নাগরিক নিকট ভবিষ্যতে তাঁদের নিজ ঘরবাড়িতে ফিরতে পারবেন না। তিনি স্পষ্ট করে বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হচ্ছে এবং সীমান্তবর্তী এলাকায় হিজবুল্লাহর উপস্থিতির অবসান না ঘটছে, ততক্ষণ এই পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। ইসরায়েলের এই কঠোর অবস্থান মূলত লেবাননের দক্ষিণ সীমান্তে একটি বিশাল ‘বাফার জোন’ তৈরির দীর্ঘমেয়াদী পরিকল্পনাকেই ইঙ্গিত করছে।

বর্তমান এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়েছিল গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে এক ভয়াবহ বিমান হামলা চালায়। সেই ঘটনার প্রায় এক সপ্তাহ পর থেকে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে নিয়মিত মিসাইল ও রকেট হামলা চালিয়ে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। হিজবুল্লাহর এই পাল্টা আক্রমণের মুখে ইসরায়েল তাদের সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে।

এদিকে, মাঠ পর্যায়ের লড়াইয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গত সোমবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে ইসরায়েলের চারজন সেনা নিহত হয়েছেন এবং অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহত চার সেনার মধ্যে তিনজনের পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। তাঁরা হলেন— ক্যাপ্টেন নোম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট ম্যাস্কিম এনটিস (২১)। নিহত অপর সেনার পরিচয় ও পদবি পরবর্তীতে জানানো হবে বলে সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের এই প্রাণহানি এবং লিটানি নদী পর্যন্ত ভূখণ্ড দখলের হুমকি পরিস্থিতিকে আরও জটিল ও ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েল যদি সত্যিই লিটানি নদী পর্যন্ত অঞ্চলটি দখল করে নেয় এবং জনবসতি ধ্বংস করে দেয়, তবে তা এই অঞ্চলে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্ম দিতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যেই সাধারণ মানুষের বাস্তুচ্যুতি এবং ঘরবাড়ি ধ্বংসের এই হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক নজিরবিহীন মানবিক ও ভূ-রাজনৈতিক সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

সাপ্তাহিক ছুটি বাড়ানো নিয়ে কি ভাবছে সরকার

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
সাপ্তাহিক ছুটি বাড়ানো নিয়ে কি ভাবছে সরকার

ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এজন্য জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সাপ্তাহিক ছুটি বাড়ানো, কর্মকর্তাদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা ঘরে বসে কাজ করার সুযোগ এবং অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার কথা ভাবছে সরকার।

জ্বালানি সাশ্রয়ে কমপক্ষে আটটি পদক্ষেপ আলোচনায় রয়েছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটিতে বাড়তি একদিন যোগ করা অথবা কর্মকর্তাদের সপ্তাহে দুদিন ঘরে বসে কাজ করার সুযোগ দেওয়া। এছাড়া অফিসের কাজ দ্রুত শুরু করা অথবা কাজের মোট সময় কমিয়ে আনার প্রস্তাবও রয়েছে। বিদ্যুৎ খরচ কমাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহের অর্ধেক ক্লাশ অনলাইনে নেওয়ার কথা ভাবা হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা

এমন পরিস্থিতিতে দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিগগিরই সারা দেশের স্কুলগুলোতে সশরীরের পাশাপাশি অনলাইনেও ক্লাশের ব্যাপারে করছে চিন্তাভাবনা করা হচ্ছে।
মঙ্গলবার (৩১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, জ্বালানি সাশ্রয়ে কমপক্ষে আটটি পদক্ষেপ আলোচনায় রয়েছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটিতে বাড়তি একদিন যোগ করা অথবা কর্মকর্তাদের সপ্তাহে দুদিন ঘরে বসে কাজ করার সুযোগ দেওয়া। এছাড়া অফিসের কাজ দ্রুত শুরু করা অথবা কাজের মোট সময় কমিয়ে আনার প্রস্তাবও রয়েছে। বিদ্যুৎ খরচ কমাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহের অর্ধেক ক্লাশ অনলাইনে নেওয়ার কথা ভাবা হচ্ছে।

তারা আরও জানান, তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রিসভায় ঠিক করা হবে কোন পদক্ষেপগুলো গ্রহণ করা হবে।

আজ সচিবালয়ে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, আগামী মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত হবে।

শিক্ষামন্ত্রী জানান, এখন থেকে সপ্তাহে ৬ দিন ক্লাশ খোলা রাখার পরিকল্পনা রয়েছে। আর দেশের মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাশের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষাব্যবস্থার বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের ক্লাশ ও পরীক্ষা শেষ করলেও শিক্ষা বোর্ডগুলো এই দুটি পাবলিক পরীক্ষা সেই বছরের ডিসেম্বরে না নিয়ে পরবর্তী বছরের এপ্রিল ও জুনে নিয়ে থাকে। এ কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা জাতীয় পর্যায়ে বড় ধরনের ক্ষতির কারণ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

সুয়েজ খালের পর হরমুজ প্রণালি ব্রিটিশ সাম্রাজ্যের মতোই কী শেষ হচ্ছে আমেরিকার মোড়লগিরি?

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ণ
সুয়েজ খালের পর হরমুজ প্রণালি ব্রিটিশ সাম্রাজ্যের মতোই কী শেষ হচ্ছে আমেরিকার মোড়লগিরি?

সুয়েজ খালকে ঘিরে একসময় যেভাবে পতন ঘটেছিলো ব্রিটিশ সাম্রাজ্যের, তেমনি এবার হরমুজ প্রণালিকে ঘিরে কী শেষ হবে আমেরিকার মোড়লগিরি? বিশ্ব বাণিজ্য ও তেলের সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথের নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে থাকায় কমে গেছে আমেরিকার গুরুত্ব।
এরইমধ্যে, হরমুজ প্রণালি পরিচালনা ও টোল আদায়ের জন্য ‘নতুন ব্যবস্থা’ চালুর কথা ভাবছে ইরান। নয়া ব্যবস্থায় ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ ওই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না, দিতে হবে টোল। তাহলে কি সত্যিই পতন ঘটছে আমেরিকার মোড়লগিরির?

একসময়কার প্রতাপশালী বৃটিশ সাম্রাজ্যের পতন ঘটেছিলো সুয়েজ খালের জন্য! একইভাবে হরমুজ প্রণালী কি বিশ্বজুড়ে আমেরিকার মোড়লগিড়ির পতন ঘটাতে পারে? আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে অনেক বিশ্লেষক মনে করছেন, হরমুজ প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্য বা ‘হেজেমনি’র জন্য একই রকম একটি ‘সুয়েজ মুহূর্ত’ বা Suez Moment হয়ে দাঁড়িয়েছে।

১৯৫৬ সালের সুয়েজ সংকট ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক। মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের যখন সুয়েজ খাল জাতীয়করণ করেন, তখন ব্রিটেন, ফ্রান্স এবং ইসরাইল সামরিক শক্তি দিয়ে তা পুনরুদ্ধারের চেষ্টা করেছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়নের হুমকি এবং খোদ যুক্তরাষ্ট্রের অসহযোগিতার মুখে ব্রিটেনকে অপমানজনকভাবে পিছু হটতে হয়। এই ঘটনাই বিশ্বকে জানিয়ে দিয়েছিল যে, ব্রিটেনের আধিপত্যের দিন শেষ।

বর্তমানে পারস্য উপসাগরের প্রবেশদ্বার ‘হরমুজ প্রণালী’কে কেন্দ্র করে ঠিক একই রকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের একক পরাশক্তি হিসেবে টিকে থাকার পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইস্তাম্বুলের জাউম বিশ্ববিদ্যালয়ের ইসলাম অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ারস বিভাগের পরিচালক সামি আল আরিয়ান মিডেল ইস্ট আই-কে দেয়া এক মতামতে বলেন, সুয়েজ যেমন ব্রিটেনের পতনের ঘণ্টা বাজিয়েছিল, হরমুজও যুক্তরাষ্ট্রের জন্য একই পরিণতি বয়ে আনতে পারে।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ওমান ও ইরানের মধ্যবর্তী এই জলপথটি বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে পড়বে, যার প্রভাব ইতমধ্যেই দেখতে পাচ্ছে বিশ্ব। মডার্ন ডিপ্লোম্যাসি-র বিশ্লেষণ অনুযায়ী, হরমুজ প্রণালী বর্তমান বিশ্বের নতুন ‘সুয়েজ মুহূর্ত’ হিসেবে আবির্ভূত হয়েছে। যুক্তরাষ্ট্র দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে নিজের সামরিক উপস্থিতির মাধ্যমে এই অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছিল। কিন্তু ইরান এখন এই অঞ্চলে এক শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে।

পলিসি ম্যাগাজিন-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সুয়েজ সংকটের সময় ব্রিটেন বুঝতে পারেনি যে শক্তির ভারসাম্য লন্ডন থেকে সরে ওয়াশিংটনের দিকে চলে গেছে। একইভাবে ওয়াশিংটনও হয়তো বুঝতে পারছে না যে বিশ্ব এখন বহুমুখী বা Multipolar হয়ে উঠছে। চীন, রাশিয়া এবং ইরানের ক্রমবর্ধমান প্রভাব মধ্যপ্রাচ্যে মার্কিন একচ্ছত্র আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে।

সুয়েজ সংকটের সময় ব্রিটেন তার অর্থনৈতিক সক্ষমতার ওপর অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল। বর্তমানে যুক্তরাষ্ট্রও বিশাল ঋণের বোঝা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনে জর্জরিত। লোহিত সাগর এবং হরমুজ প্রণালীতে হুতি বিদ্রোহী বা ইরানের প্রভাব মোকাবিলা করতে গিয়ে যুক্তরাষ্ট্র যদি কোনো বড় ধরনের সামরিক পরাজয় বা কৌশলগত বাধার সম্মুখীন হয়, তবে তা হবে তাদের বৈশ্বিক নেতৃত্বের অবসানের সংকেত।

ইতিহাস পুনরাবৃত্তি করে, তবে ভিন্ন রূপে। সুয়েজ খাল ব্রিটেনের জন্য ছিল আত্মমর্যাদার লড়াই, যেখানে তারা পরাজিত হয়েছিল। হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের জন্য কেবল তেলের সরবরাহ নয়, বরং তাদের ডলারের আধিপত্য এবং সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণের পরীক্ষা। যদি যুক্তরাষ্ট্র এই অঞ্চলের ভূ-রাজনীতিতে নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হয়, তবে হরমুজ হবে মার্কিন সাম্রাজ্যের পতনের এক ঐতিহাসিক মাইলফলক।

অনেক বিশ্লেষকের মতে, বিশ্বের ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন পশ্চিম থেকে পূর্ব দিকে সরে যাচ্ছে, আর হরমুজ প্রণালী এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। এখন দেখার বিষয়, ওয়াশিংটন কি ইতিহাসের শিক্ষা গ্রহণ করবে, নাকি লন্ডনের মতোই এক অনিবার্য পতনের দিকে এগিয়ে যাবে।

বনদস্যু আতংকে সুন্দরবনে মধু আহরণে ভাটা পড়ার শংকা

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
বনদস্যু আতংকে সুন্দরবনে মধু আহরণে ভাটা পড়ার শংকা

সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু হবে ১ এপ্রিল। ইতোমধ্যে বনে ফুটেছে খলিসা, গরান, পশুর, হারগোজাসহ রঙ-বে-রঙের ফুল। সেই সাথে মৌমাছির গুঞ্জনে মুখর বনাঞ্চল।

এখন অপেক্ষা ১ তারিখের। মধু আহরণে বনে যাওয়ার প্রস্তুতি নিয়ে ব্যস্ত মৌয়ালরা। তবে, উপকূল জুড়েই বনজীবীদের মধ্যে বিরাজ করছে বনদস্যু আংতক।

ঘ্রাণ ও স্বাদে অতুলনীয় সুন্দরবনের মধু সংগ্রহ করতে ‘জীবনবাজি’ রাখতে হয় মৌয়ালদের। এতো দিন শুধু নদীতে কুমির আর ডাঙায় বাঘের ভয় ছিল তাদের। কিন্তু এবার যুক্ত হয়েছে বনদস্যুদের ভয়।

মৌয়ালরা বলছেন, কয়েকটি দস্যু দল বনে দাপিয়ে বেড়াচ্ছে। বনজীবীদের অপহরণ করে তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে অর্থ। পাশাপাশি শারীরিক নির্যাতনের শিকারও হচ্ছে তারা। তাই এবার মধু আহরণে যেতে অনাগ্রহ দেখাচ্ছেন মৌয়ালরা।

এতে যেমন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার শংকা রয়েছে, তেমনি জীবিকা সংকটে পড়তে পারে হাজারো মৌয়াল।

বন বিভাগের তথ্য অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে সুন্দরবনে মধু সংগ্রহের অনুমতি দেওয়া হবে, যা চলবে টানা দুই মাস। এ বছর সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় এক হাজার ১০০ কুইন্টাল মধু এবং ৬০০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, ২০২১ সালে সুন্দরবন থেকে ৪ হাজার ৪৬৩ কুইন্টাল মধু আহরণ করা হয়েছিল। ২০২২ সালে তা কমে দাঁড়ায় ৩ হাজার ৮ কুইন্টালে। ২০২৩ সালে আরও কমে হয় ২ হাজার ৮২৫ কুইন্টাল। ২০২৪ সালে কিছুটা বেড়ে ৩ হাজার ১৮৩ কুইন্টাল মধু আহরণ করা হয়েছিল। আর ২০২৫ সালে সেটি কমে দাঁড়িয়েছিলো ২ হাজার ৭৬ কুইন্টালে, যা ২০২৪ সাল থেকে তুলনায় প্রায় ৩৫ শতাংশ কম। ২০২৪ সালে প্রায় ৮ হাজার মৌয়াল মধু আহরণে নিয়োজিত ছিলেন। সেটি ২০২৫ সালে নেমে আসে প্রায় ৫ হাজারে।

তবে এবার আরো বেশি কমার কথা জানিয়েছেন স্থানীয় মৌয়ালরা। কারণ হিসেবে তারা বনে দস্যুতা বৃদ্ধির কথা বলছেন। সাথে সাথে সুন্দরবনের বনদস্যু নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

শ্যামনগর উপজেলার গাবুরা, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের একাধিক মৌয়াল জানান, সুন্দরবনে ডাকাতের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সুন্দরবনে দস্যুদের হাতে অপহরণের ঘটনা বাড়ছেই। এতে করে পরিবার-পরিজনের নিরাপত্তার কথা চিন্তা করে মৌয়ালরা বনে যাওয়ার উৎসাহ হারাচ্ছেন।

সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগরের সিংহড়তলী গ্রামের মৌয়াল আমজাদ হোসেন জানান, তিনি ছোটবেলা থেকে জঙ্গলে যান, বাঁদায় (সুন্দরবনে) কোনো দিন বাঘ-কুমিরের ভয় পাননি। গত বছরও তিনি মধু আহরণ করতে গিয়েছিলেন। জঙ্গল এখন ডাকাতে ভরা উল্লেখ করে তিনি বলেন, একবার ধরা পড়লে আর রক্ষা নেই। তাই ভয়ে এবার মধু কাটা বাদ দিয়ে এলাকায় দিনমজুরি করবো।

গত বছর সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়েছিলেন একই গ্রামের মৌয়াল নেসার আলী গাজী । তিনি জানান, ডাকাতের ভয়ে আগের বছরগুলোর তুলনায় এবার অনেক কম মৌয়াল বনে যাবেন। তিনি আরও বলেন, গতবার আমরা একটি নৌকায় ৭ জন মৌয়াল ছিলাম। এবারও আমরা সেই ৭ জন বাঁদায় যেতে চেয়েছিলাম। কিন্তু যে ডাকাতের কথা শুনতেছি তাতে আর বাঁদায় (সুন্দরবনে) যাওয়া হবে না।

সুন্দরবন ডাকাতমুক্ত না হলে এ পেশা ছেড়ে দেওয়ার চিন্তা করছেন দাবি করে মুন্সিগঞ্জের মৌখালী গ্রামের মৌয়াল বশির আলী মোড়ল বলেন, দীর্ঘদিন ধরে বাপ-দাদার পেশা হিসেবে সুন্দরবনে মধু কাটতে যায়, কখনো পিছপা হইনি। আগে বেশ কয়েক বছর বনে ডাকাতির চাপ ছিল না। নির্বিঘ্নে মোম-মধু কেটে আনতে পারতাম। তবে এবার শুনতেছি জঙ্গলে (সুন্দরবনে) বিরাট ডাকাত বেড়েছে। ডাকাতির ভয়ে জঙ্গলে (সুন্দরবনে) যাওয়া মনে হয় ছেড়ে দিতে হবে। শুধু আমি না ভয়ে এলাকার অধিকাংশ মৌয়াল এবার জঙ্গলে (সুন্দরবনে) যাবে না বলে জানিয়েছে।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাঁতিনাখালী গ্রামের মৌয়াল আবুল সানা বলেন, মধু সংগ্রহ আমাদের প্রধান আয়ের উৎস। কিন্তু এখন বনে গেলে জীবন নিয়ে ফিরতে পারবো কিনা সেই ভয় সবসময় কাজ করে। ডাকাতদের হাতে পড়লে সবকিছু হারাতে হয়। ঋণ করে মহাজনদের কাছ থেকে সুদে টাকা নিয়ে বনে মধু কাটতে গিয়ে ডাকাতদের হাতে ধরা পড়লে সব কিছু হারিয়ে নিঃস্ব হতে হয়। মাঝে ঋণের বোঝা বইতে হয়।

অন্যদিকে, অনেকেই অভিযোগ করছেন বনে নিরাপত্তা জোরদারের পর্যাপ্ত উদ্যোগ নেই। মাঝে মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চললেও তা স্থায়ী সমাধান দিতে পারছে না বলে দাবি তাদের।

বন বিভাগে বলছে, মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বন বিভাগ ও কোস্ট গার্ড যৌথভাবে টহল জোরদার করেছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। তবে মৌয়ালদের আতঙ্ক পুরোপুরি কাটাতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান জানান, মৌয়ালদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য তারা কাজ করে যাচ্ছেন। বনাঞ্চলের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পাশাপাশি মৌয়ালদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। আশা করছি পরিস্থিতি উন্নত হবে।