খুঁজুন
শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বহুমুখী তদবিরে চাপে প্রশাসন

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১০:২০ পূর্বাহ্ণ
বহুমুখী তদবিরে চাপে প্রশাসন

সম্প্রতি একজন দুর্নীতিগ্রস্ত তহশিলদারকে পৌর ভূমি অফিস থেকে ইউনিয়ন ভূমি অফিসে বদলি করে জেলা প্রশাসন। তার বদলি ঠেকাতে সাবেক একজন মন্ত্রী ও একটি রাজনৈতিক দলের প্রথম সারির নেতা মরিয়া হয়ে তদবির করতে থাকেন। বদলি ঠেকাতে স্থানীয় একাধিক সাংবাদিকও জেলা প্রশাসককে (ডিসি) নানা চাপ ও হুমকি দেন। এর পরও বদলি ঠেকানো যায়নি। তবে ডিসিকে নানা ঝামেলা পোহাতে হয়েছে। এভাবে সরকারের মাঠ প্রশাসন থেকে কেন্দ্রীয় প্রশাসন পর্যন্ত বদলি-পদায়ন কিংবা ঠিকাদারির তদবির চলছে। কর্মকর্তাদের ভাষ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময়ে তদবির হতো একমুখী। এখন সরকার সমর্থক নানা গোষ্ঠী ও দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর নেতার কাছ থেকে বহুমুখী তদবির হচ্ছে। তদবিরের চাপে হাঁপিয়ে উঠেছেন প্রশাসনের কর্মকর্তারা।

কর্মকর্তারা অভিযোগ করে বলেন, টানা সাড়ে ১৫ বছরে দেশের প্রশাসনিক কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে তা দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। আওয়ামী ঘরানার কিংবা শীর্ষ কর্মকর্তাদের পছন্দের না হলে মিলত না পদোন্নতি কিংবা পদায়ন। প্রবল জনআকাঙ্ক্ষার মধ্য দিয়ে রাষ্ট্রের দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার প্রশাসনকে দলীয় ও তদবিরমুক্ত করবে—এমন প্রত্যাশা ছিল সবার। কিন্তু এমন আশার গুড়ে বালি দিয়ে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি ও বহুমুখী তদবিরের বোঝা মাথায় নিয়েই চলছে হাসিনার দুঃশাসনকালে রেখে যাওয়া ভঙ্গুর প্রশাসন।

তদবিরে এগিয়ে রাজনীতিকরা: কর্মকর্তারা বলেন, গত সাড়ে ১৫ বছর শুধু আওয়ামী লীগ, গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই প্রশাসনকে নিয়ন্ত্রণ করা হতো। সব ধরনের তদবির, আদেশ-নিষেধ ছিল একমুখী। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ ও তাদের জোটের রাজনৈতিক দলগুলো ছাড়া রাজপথে সক্রিয় রাজনৈতিক দলের নেতারাই এখন তদবির করে বেড়াচ্ছেন। বদলি, পদোন্নতি কিংবা ঠিকাদারির কাজ পাইয়ে দেওয়ার মতো সচিবালয়কেন্দ্রিক এসব তদবির অতীতের চেয়ে বেড়েছে। বড় দলগুলোর নেতাদের প্রায়ই সচিবালয়ে দেখা যায়। বিশেষ করে বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলোর নেতারা প্রশাসনে প্রভাব খাটিয়ে চলেছেন। তারা নিজেদের নির্বাচনী এলাকায় পছন্দের ডিসি-এসপি নিয়োগ দিতে তদবির করে বেড়াচ্ছেন। এ ছাড়া বদলি-পদায়ন কিংবা ঠিকাদারি কাজের পেছনে দৌড়াচ্ছেন রাজনীতিকরা। বড় দলের নেতাদের পাশাপাশি ছোট নতুন-পুরোনো দলের শীর্ষ নেতাদের সচিবালয়ে দেখা যাচ্ছে। নেতারা আওয়ামী লীগের শাসনামলে সুবিধা নেওয়া দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্যও তদবির করছেন।

তারা আরও বলেন, চতুর্মুখী তদবিরের যন্ত্রণায় প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা ঠিকমতো কাজ করতে পারছেন না। প্রায় ২ হাজার ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে ফ্যাসিবাদের পতনের পরও তদবিরবাজি চলছে বলে মনে করেন তারা।

সাবেক সচিব ও প্রশাসন বিশ্লেষক একেএম আব্দুল আউয়াল মজুমদার কালবেলাকে বলেন, তদবির করা অযোগ্যতা। নীতি-নৈতিকতাহীন কাজ। যারা তদবির করতে আসেন তাদের বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়াটা মনে রাখা উচিত। সরকার শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। সুতরাং নীতিবিরুদ্ধ তদবির-দৌড়ঝাঁপ থেকে সবাইকে দূরে থাকতে হবে। যোগ্য ও সৎ কর্মকর্তাদের খুঁজে বের করে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসাতে হবে। তাহলে রাষ্ট্র ও প্রশাসনের কল্যাণ নিশ্চিত করতে পারবে সরকার।

দৌড়াচ্ছেন প্রভাবশালী কর্তারা: বিএনপি-জামায়াতপন্থি হিসেবে পরিচিত কর্মকর্তারা গত ৫ আগস্টের পর দাপটের সঙ্গেই চাকরি করছেন। এরই মধ্যে তাদের অনেকেই পছন্দের দপ্তরে পদায়ন নিয়েছেন। নিজেদের বঞ্চিত দাবি করে পদোন্নতিও পেয়েছেন। প্রশাসনে এখন তারা প্রভাব বিস্তার করে চলেছেন। নিজেদের সুযোগ-সুবিধা নিশ্চিতের পর তারা সহকর্মী-ব্যাচমেট কিংবা স্বজনদের জন্য দৌড়াদৌড়িতে ব্যস্ত। কে কোন দপ্তরে যাবেন, তা তারা ঠিক করছেন। এমনকি আওয়ামী লীগের সময়ে সর্বোচ্চ সুযোগ-সুবিধা ভোগ করা কর্মকর্তাদের জন্যও অনেকে তদবির করছেন। ফলে পতিত সরকারের সুবিধাভোগী হিসেবে পরিচিত অনেক কর্মকর্তা এখনো বহাল তবিয়তে বড় বড় দপ্তরে বসে আছেন। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে এসব কর্মকর্তার এমন দৌড়ঝাঁপকে নীতিবিরুদ্ধ বলে মনে করছেন প্রশাসন বিশেষজ্ঞরা। তাদের ভাষ্য, অন্তর্বর্তী সরকারের প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত।

স্থানীয় গণমাধ্যমকর্মীদের চাপে মাঠ কর্তারা: মাঠ প্রশাসনে কর্মকর্তা-কর্মচারীরাও তদবিরের চাপে অতিষ্ঠ। স্থানীয় রাজনীতিকদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের তদবির ও চাপকে ভয় হিসেবেই দেখেন কর্মকর্তারা। ফলে অনেক অযৌক্তিক তদবির রাখতে হচ্ছে কর্মকর্তাদের। স্থানীয় সাংবাদিকরাও তাদের নানা আবদার নিয়ে আসেন। এগুলো রাখলেও বিপদ, না রাখলেও ভয়ে থাকতে হয়। কখন কে নেতিবাচক নিউজ করে দেয়!

বিরক্ত উপদেষ্টারা: বিভিন্ন শ্রেণি-পেশা ও রাজনীতিবিদের লাগামহীন তদবিরে চরম বিরক্ত সরকারের উপদেষ্টা ও সচিবরা। তারা বলছেন, তদবিরের চাপ এতই বেশি যে, ঠিকমতো কাজ করতে সমস্যা হচ্ছে। কিন্তু সবাই যেভাবে তদবির ও নিজেদের সুবিধার জন্য আসেন, তা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করার শামিল।

গত ২৪ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্ষোভ জানিয়ে তার ভেরিফায়েড ফেসবুকে লেখেন, ‘দায়িত্ব নেওয়ার পরপরই বলেছিলাম, ব্যক্তিগত তদবির-আবদার নিয়ে কেউ আসবেন না। এখনো প্রতিদিন যদি ৫০ জন দেখা করতে আসেন, তার মধ্যে ৪৮ জনই আসেন নানারকম তদবির নিয়ে। আমাদেরও নতুন বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়তে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশের স্বার্থে ত্যাগের মানসিকতা, কাজ করার মানসিকতা তৈরি করতে হবে শহীদদের স্পিরিটকে ধারণ করে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ সম্প্রতি গণমাধ্যমকে বলেন, আমাদের কাছে প্রতিদিন নানা ধরনের তদবির আসছে, এটা ঠিক। এতে খুব অসুবিধাও হচ্ছে। কাজের ক্ষতি হচ্ছে। তবে সিদ্ধান্তটা কিন্তু আমরাই নিচ্ছি। তদবির করলেই সেটি গুরুত্ব পাবে, বিষয়টি তেমন নয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান কালবেলাকে বলেন, সরকারি খাতে পদোন্নতি, বদলি ও পদায়নের ক্ষেত্রে অনেক সময়ে আর্থিক লেনদেনসহ যে তদবির, এটি বাংলাদেশে দীর্ঘ সময়ের প্রশাসনিক সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। এর ধারাবাহিকতায় আওয়ামী লীগের কর্তৃত্ববাদী সরকারে গত ১৬ বছরে তা চূড়ান্ত রূপ নিয়েছিল। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক ভিত্তি নেই, এটি দলনিরপেক্ষ সরকার হলেও তার ক্ষমতার বহুমাত্রিক স্তম্ভ রয়েছে। এখানে যেহেতু একাধিক ক্ষমতার ভিত্তি রয়েছে, যারাই নিজেদের কোনোভাবে ক্ষমতার ভিত্তি মনে করছেন তারাই সুযোগটা নিচ্ছেন। যেহেতু দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সংস্কৃতি, সেটা একটা কারণ সুযোগটি নেওয়ার এবং চর্চাটি অব্যাহত থাকার পেছনে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমদিকে আগের সরকারের আমলাতন্ত্র পরিবর্তন প্রক্রিয়ায় পরিপূর্ণভাবে যোগ্যতানির্ভর পদায়ন, পদোন্নতি বদলি হয়েছে সেটা বলা যাবে না। এখানে সুনির্দিষ্ট মানদণ্ড কতটুকু অনুসরণ করা হয়েছে, সেটাও প্রশ্নবিদ্ধ।

সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ আব্দুল আউয়াল মজুমদার বলেন, যে লক্ষ্য নিয়ে দেশে গণঅভ্যুত্থান হয়েছে, সে লক্ষ্য পূরণ করতে হলে সব ধরনের চাপ ও তদবির উপেক্ষা করে সৎভাবে কাজ করতে হবে। তদবিরের দোহাই দিয়ে অযোগ্য-অদক্ষদের পুনর্বাসন করা হলে তা রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনবে না।

জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া কালবেলাকে বলেন, তদবির নিয়ন্ত্রণ করতে হলে সমগ্র প্রশাসনের মধ্য থেকে যোগ্য ও সাহসী কর্মকর্তাদের খুঁজে বের করতে হবে। অপেক্ষাকৃত নিরপেক্ষ কর্মকর্তাকে প্রাধান্য দিতে হবে। তবে সরকারের দায়িত্বশীলদের মধ্যে যদি ব্যক্তিগত পছন্দ, ব্যক্তিগত বিদ্বেষ কাজ করে, তাহলে ভালো প্রশাসন পাওয়া যাবে না। এমন অবস্থা চলতেই থাকবে।

এ প্রসঙ্গে চেষ্টা করেও প্রশাসনের শীর্ষ কর্মকর্তা মন্ত্রিপরিষদ সচিব এবং ক্যাডার নিয়ন্ত্রণকারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বক্তব্য জানতে পারেনি কালবেলা।

সূত্র: দৈনিক কালবেলা

ইরানের আবেদনে ফিফার না

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
ইরানের আবেদনে ফিফার না

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে ফিফা বিশ্বকাপ সংক্রান্ত ধূম্রজাল শেষ হচ্ছে না। ইরান তাদের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় সরিয়ে নেওয়ার যে দাবি জানিয়েছিল, তা প্রত্যাখ্যান করেছে বিশ্ব ফুটবল সংস্থা। এ অবস্থায় চির শত্রু যুক্তরাষ্ট্রের মাটিতে ইরান আদৌ খেলতে যাবে তো!

চলমান অনিশ্চয়তার মধ্যে ইরানের ম্যাচ আয়োজনে দুয়ার খুলে দিয়েছে মেক্সিকো। সূচি বদলের সম্ভাবনা ফিফা উড়িয়ে দেওয়ার পর আপাতত সে সম্ভাবনা নেই। কিন্তু এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের টিকিট পাওয়া ইরানের মৃসণভাবে বিশ্বকাপ খেলার আপাতত কোনো পথও দেখা যাচ্ছে না।

এশিয়ার শক্তিশালী দল ইরান গ্রুপ পর্বের ম্যাচগুলো বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ডের বিপক্ষে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে খেলবে। ম্যাচগুলো মেক্সিকো সিটির আজটেকা, গুয়াদালাহারা বা মন্টেরেতে সরিয়ে নেওয়ার চেষ্টার জবাবে ফিফা দ্রুতই তা প্রত্যাখ্যান করে।

এ প্রসঙ্গে ফিফার এক মুখপাত্র বলেন, ‘ফিফা অংশগ্রহণকারী সব সদস্য দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, যার মধ্যে ইরানও রয়েছে। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আলোচনা চলমান। ফিফা ৬ ডিসেম্বর ২০২৫-এ ঘোষিত ম্যাচ সূচি অনুযায়ী সব দলকে প্রতিযোগিতায় অংশ নিতে দেখার অপেক্ষায় আছে।’ মেক্সিকো সিটিতে কথা বলতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানান, ইরানের অনুরোধ মানতে তারা প্রস্তুত থাকতে পারেন।

তিনি বলেন, ‘মেক্সিকোর জন্য এতে কোনো সমস্যা নেই, এটি কেবল ফিফার লজিস্টিকসের বিষয়। এটি সম্ভব, কারণ তাদের যুক্তরাষ্ট্রেই যাওয়ার কথা ছিল। যদি তারা মেক্সিকোয় ম্যাচ আয়োজন করতে চায়। বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং যথাসময়ে আমরা জানাব।’

আসর শুরুর মাত্র ১২ সপ্তাহ আগে ১০৪ ম্যাচের সূচি পরিবর্তন হওয়া খুবই অসম্ভব বলে মনে করা হচ্ছে। এত দেরিতে সূচি পরিবর্তন ফিফার জন্য বড় ধরনের লজিস্টিকস দুর্ভোগ তৈরি করবে।

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন জানালেন মির্জা  ফখরুল ইসলাম আলমগীর

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া চলতি বছরের মধ্যেই বিএনপির সম্মেলনও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমনটি জানান মির্জা ফখরুল। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মতবিনিময় সভা করলেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে। নিঃসন্দেহে এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপির সম্মেলন প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন, ‘বিএনপির সম্মেলন এ বছরের মধ্যেই। এখনো আমরা সময় নির্ধারণ করিনি। কিন্তু আমার মনে হয়, শিগগিরই হবে কাউন্সিল।’ প্রসঙ্গত, বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০১৬ সালে।

বিএনপির মহাসচিবকে উদ্দেশ করে এক সাংবাদিক বলেন, সরকার গঠনের পর সরকার ও দল ‘এক হয়ে গেছে’। দলের কার্যক্রম কবে নাগাদ শুরু হবে? জবাবে তিনি বলেন, দলের কার্যক্রম তো চলছে, ছোট খাটোভাবে তো চলছে। এক মাসে সরকার গঠন করতে তো সময় লেগেছে। দলের লোক বেশিরভাগই সরকারে চলে গেছেন। সেই জায়গাগুলোতে সময় লাগবে; এটা বিচ্ছিন্ন ব্যাপার না। এটা আলাদা করে দেখা যাবে না। সরকার তার কাজ করবে, দল তার কাজ করবে।

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, বিএনপি যখনই সরকারে আসে, তখনই একটা করে বড় রকমের ঝামেলা আসে; এর আগেও এমনটা দেখা গেছে। এবার এসেছে ইরান যুদ্ধ, এই যুদ্ধের ফলে বিশ্বে তেলের দাম বৃদ্ধি পেয়ে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। তবে বিএনপি সরকার এখন পর্যন্ত যোগ্যতা ও দক্ষতার সঙ্গে এই বিষয়গুলো মোকাবিলা করেছে। এর ফলে দেশে তেলের দাম এখনো বাড়েনি। এ ছাড়াও এবার গার্মেন্টস্‌ ফ্যাক্টরিগুলোতে বেতন না দেওয়ার যেসব ঝামেলা হয়, সেগুলো হয়নি। কারণ, এসব বিষয়ে এবার আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদের ব্যাপারে আমরা কিন্তু শতভাগ কমিটেড (প্রতিশ্রুতিবদ্ধ), যেগুলো আমরা সই করেছি। আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা যেগুলোতে একমত হয়েছি, সেই বিষয়গুলোতে আমরা কমিটেড। সেই কমিটমেন্ট থেকে আমরা এক চুলও নড়ব না। আর যেগুলো আমাদের ওপর চাপিয়ে দেওয়া- এগুলো মেনে নেওয়া তো আমাদের জন্য নিশ্চয়ই সবসময় সম্ভব নাও হতে পারে। তবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি।

সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই দেশটিতে পবিত্র ঈদুল ফিতর আগামী শুক্রবার (২০ মার্চ) উদ্‌যাপন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ছিল। কর্তৃপক্ষ চাঁদ দেখার চেষ্টা করে। কিন্তু তা দেখা যায়নি। ফলে সৌদি আরবে পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। এ হিসেবে বৃহস্পতিবার (১৯ মার্চ) হবে রমজানের শেষ দিন। পরদিন শুক্রবার ঈদ পালিত হবে।

ইসলামি বিধান অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ নির্ধারণ করা হয়। চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ করা হয়, এরপর ঈদ উদযাপিত হয়।

বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার তারতম্যের কারণে ঈদের তারিখ ভিন্ন হতে পারে। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার ঈদ উদযাপিত হলেও দক্ষিণ এশিয়ার অনেক দেশে একদিন পর ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্ব স্ব দেশগুলোতে স্থানীয় চাঁদ দেখার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদের তারিখ ঘোষণা করা হবে।